সময়ের সঙ্গে বাড়ছে ওটিটি প্লাটফর্মের চাহিদা। দর্শককে ভিন্নধারার কনটেন্ট উপহার দিতে যেন ব্যস্ত ওটিটি মাধ্যমগুলো। দেশেও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকির ফেসবুক পেজে প্রকাশ হয়েছে ‘ওভারট্রাম্প’ ওয়েব সিরিজের পোস্টার। যেখানে চঞ্চল চৌধুরীসহ অনেক তারকাকে দেখা যাচ্ছে একদম ভিন্ন লুকে। বাশার জার্জিস পরিচালিত এ ওয়েব সিরিজের প্রত্যেকেই নতুনভাবে উপস্থিত হতে যাচ্ছেন দর্শকের সামনে।
এ সিরিজের প্রত্যেক চরিত্র ভিন্নভাবে তুলে ধরা হলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি ওয়েব সিরিজটির কাজ শেষ করেছেন এ অভিনেতা। সিরিজে চরিত্র নিয়ে চঞ্চল বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের ঘটনা, বিশেষ করে আমাদের নগরজীবনে ঘটছে অহরহ। এ গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে, তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। সিরিজটিতে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এটুকুই বলতে চাই।’
পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে চঞ্চল একটু হেসে বলেন, ‘আমি একটু পুরনো মানুষ তো। এ ইন্ডাস্ট্রিতে ২০-২৫ বছর কাজ করছি। পরিচালক বাশার আমার প্রায় ২০ বছরের পুরনো বন্ধু। তবে তার পরিচালনায় এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। সেই সঙ্গে যাদের সঙ্গে অভিনয় করেছি, তাদের সঙ্গেও বেশ সুসম্পর্ক আগে থেকেই। সব মিলিয়ে কাজটাও বেশ ভালো হয়েছে।’
ছয় পর্বের এ সিরিজে আরো রয়েছেন এফএস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি। ভাবনা এ নিয়ে বলেন, ‘ওভারট্রাম্পে আমার চরিত্রের নাম রমা। এর সঙ্গে বাস্তবের আমার কোনো মিল নেই। আগের কাজ থেকে এ চরিত্র সম্পূর্ণ ভিন্ন। আমি নিজেও প্রতিটি কাজে নিজের সর্বোচ্চটা দিতে চাই। আমি খুব চিন্তায় ছিলাম, রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করব। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের ওপর।’
এফএস নাইম বলেন, ওভারট্রাম্পে কাজের অভিজ্ঞতা দারুণ। জার্জিস ভাই অ্যান্ড পুরো টিমের সবাই দারুণ ছিল। আমি ওই চরিত্রে এক মাস থেকেছি। আমার ক্যারেক্টারটা আশা করি সবাই পছন্দ করবে।’
এ সিরিজের বেশকিছু মুখ্য চরিত্রে দেখা যাবে মোস্তফা মন্ওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেককেই।
পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প গল্পটা কভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে, কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে সেটা ভিন্ন মাত্রার, যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প-এর কাজের প্রতি আগ্রহ হয়।’
ওভারট্রাম্প নির্মাণ নিয়ে অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘টিমের কে কী হবে, সেটা নিয়ে টেনশনে ছিলাম। আমি খুব ভাগ্যবান যে ডিওপি খসরুকে বলা মাত্রই তাকে পাওয়া গেছে। দেশসেরা একজন ডিওপি আমার সঙ্গে ওটিটির জন্য প্রথম কাজ করছেন। রঞ্জনদাও আমার সঙ্গে প্রডাকশন ডিজাইন করতে রাজি হয়। সিরিজে অভিনয় শিল্পীরা এত বেশি সিরিয়াস যে আমি নিজেই ভড়কে গেছি।’










