দক্ষিণ ভারতীয় সিনেমার আধিপত্য, রাজনৈতিক বয়কটসহ নানা কারণে ধুঁকছে বলিউড। আমির খান, অক্ষয় কুমারের মতো তারকারাও জমিয়ে ব্যবসা করতে পারছেন না।

গত দুই দশকে ভারতীয় সিনেমার বাজার ফুলেফেঁপে উঠেছে বলিউডের কল্যাণে। ১০০ কোটি বা ২০০ কোটি রুপি ক্লাবের প্রচলন এই ইন্ডাস্ট্রিতে।

মজার বিষয় হলো, বক্স অফিসে হালের কোনো কোনো ছবি শত শত কোটি রুপি ব্যবসা করলেও টিকিট বিক্রির দিক থেকে ক্ল্যাসিক সিনেমাগুলোকে ছাড়িয়ে যেতে পারেনি। যেমন, সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড এখনো ‘শোলে’র। এ তালিকায় আছে ‘মুঘল-ই-আজম’ বা ‘মাদার ইন্ডিয়া’র মতো কয়েক দশক আগের সিনেমা।

১৯৭৫ সালে মুক্তি পাওয়া রমেশ সিপ্পির ‘শোলে’ ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, জয়া বচ্চন ও আমজাদ খান। এ ছবির মোট বিক্রিত টিকিটের সংখ্যা ১৫ কোটির উপরে।

কে আসিফের ক্ল্যাসিক সিনেমা ‘মুঘল-ই-আজম’ নির্মিত হয়েছিল আকবর পুত্র জাহাঙ্গীর ও নতর্কী আনারকলির প্রেম নিয়ে। মুখ্য দুই চরিত্রে ছিলেন দীলিপ কুমার ও মধুবালা। এ ছবির টিকিট বিক্রি হয় ১০ কোটি। মূল্যস্ফীতি আমলে নিলে এটি এখনো ভারতের সবচেয়ে বেশি আয়ের ছবি। মূল সাদা-কালো ছবিটি রিলিজের কয়েক দশক পর ২০০৪ সালে মুক্তি পায় রঙিন সংস্করণ। এ ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করে।

ভারত থেকে অস্কারে মনোনয়ন পাওয়া প্রথম কোনো ছবি ‘মাদার ইন্ডিয়া’। মেহবুব খান পরিচালনায় অভিনয় করেন নার্গিস, রাজ কাপুর, রাজেন্দ্র কুমার ও সুনীল দত্ত। এ ছবিও টিকিট বিক্রি হয় ১০ কোটি।

সুরজ বারজাতিয়ার রোমান্টিক-মিউজিক্যাল ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’ ১৯৯৪ সালে ভারতীয় দর্শকদের মাতিয়ে রেখেছিল। সালমান খান ও মাধুরী দীক্ষিত অভিনীত এ ছবির টিকিট বিক্রি হয় ৭ কোটি ৪০ লাখের বেশি।

মনমোহন দেসাইয়ের বিখ্যাত ছবি ‘কুলি’র টিকিট বিক্রি হয়েছিল ৭ কোটি। অমিতাভ বচ্চনের অন্যতম সেরা সিনেমাটি এটি। এ ছাড়া বিগ বি’র আরেক ছবি ‘মুকাদ্দার কা সিকান্দার’-এর টিকিট বিক্রি হয়েছি ৬ কোটি ৭০ লাখ। সোভিয়েত ইউনিয়নে ব্লকবাস্টারের মর্যাদা পাওয়া এ ছবিতে আরো অভিনয় করেন বিনোদ খান্না, রাখি ও রেখা।

ঋষি কাপুর ও বিনোদ খান্নার সঙ্গে অমিতাভ অভিনীত ‘অমর আকবর অ্যান্টনি’ টিকিট কাউন্টারে ভীষণ ঝড় তুলেছিল। বিক্রি হয় ৬ কোটি ২০ লাখ টিকিট।

দীলিপ কুমার অভিনীত ‘ক্রান্তি’ টানা ৬৭ সপ্তাহ সিনেমা হলে চলেছিল। একটি হলে টানা ৯৬ দিন হাউসফুল হয়। এ ছবির বিক্রিত টিকিটের সংখ্যা ৬ কোটি। আরো অভিনয় করেছিলেন মনোজ কুমার, শশী কাপুর ও শত্রুঘ্ন সিনহা।

এ ছাড়া ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ‘ববি’র বিক্রিত টিকিটের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ। দীলিপ কুমার, বৈজয়ন্তীমালা অভিনীত বিখ্যাত ‘গঙ্গা যমুনা’র ৫ কোটি ২০ লাখ টিকিট বিক্রি হয়।