মনিকা ভিত্তি ইতালির অন্যতম সেরা একজন অভিনেত্রী। অভিনয়ের জন্য তাকে বলা হয় ‘কুইন অব ইতালিয়ান সিনেমা’। গত বুধবার ইতালির রোমে মারা গেছেন ৯০ বছর বয়সী এ অভিনেত্রী। তার স্বামী রবার্তো রুসোই মনিকার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মনিকার মৃত্যুতে শোক জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তিনি বলেন, মনিকা ভিত্তি তার অভিনয়ের মাধ্যমে ইতালিয় সিনেমাকে বিশ্বজুড়ে আলোকিত করেছেন। তিনি তার কাজ, সাহসিকতা আর সৌন্দর্য দিয়ে কয়েক প্রজন্মের মানুষের মন জয় করেছেন।
মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক কালজয়ী সিনেমায় কাজ করেছেন মনিকা। মূলত মিকালেঞ্জেলো পরিচালিত সিনেমা দিয়েই জনপ্রিয়তা পান এ অভিনেত্রী। ১৯৬০ সালে কালজয়ী সিনেমা লা আভেন্তুরায় নির্যাতিতা নারীর ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিলেন মনিকা ভিত্তি। শুধু অভিনয় নয়, তার সৌন্দর্য মুগ্ধ করেছিল বিশ্ববাসীকে।
১৯৩১ সালের নভেম্বরে ইতালির রোমে মনিকা ভিত্তির জন্ম। ছোট থেকেই পারফর্মিং আর্টে বেশ জোরালো দখল ছিল তার। রোমের ন্যাশনাল একাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে পড়াশোনা করেছেন মনিকা। এ সময়েই নির্মাতা আন্তোনিয়োনির সঙ্গে তার আলাপ। মনিকার অভিনয় দেখে মুগ্ধ হন আন্তোনিয়োনি। এর পরই লা নত্তে ও দি এক্লিপসের মতো সিনেমা দিয়ে আন্তর্জাতিক শিল্পীর তালিকায় যুক্ত হন মনিকা ভিত্তি।
সূত্র : বিবিসি
ইতালিয়ান কিংবদন্তি অভিনেত্রী মনিকা মারা গেছেন