অক্ষয় কুমার বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টার। আজকের এ সুপারস্টার হওয়ার জন্য তাকে দীর্ঘ লড়াই ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। অন্যান্য স্টার কিডের মতো অক্ষয় কুমারের ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার ছিল না। তাই শাহরুখ খানের মতো তাকেও নিজের পথ নিজেই তৈরি করে নিতে হয়েছিল। ১৯৯১ সালে সওগন্ধ নামক চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। আজ অক্ষয় কুমার একজন সফল ও দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত। তার অভিনীত অনেক চলচ্চিত্র বক্স অফিসে শত কোটির মাইলফলক পার করেছে।
যা-ই হোক, ইন্টারনেটে সম্প্রতি অক্ষয় কুমারের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি ইন্ডাস্ট্রিতে তার প্রথম দিকের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন।
সাক্ষাত্কারটিতে সুখী ও সফল জীবনের জন্য অক্ষয় কুমার যে মন্ত্র মেনে চলেন, সেই বিষয়ে কথাবার্তা বলেন। তিনি বলেন, ‘আমি কেবল একজন ভালো মানুষ হতে চাই, এটাই সব। ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে আত্মবিশ্বাস নিয়ে জীবনযাপন করা যায়, তা করুন এবং আপনি সর্বদা সফল হবেন।’
কীভাবে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জন্য জায়গা তৈরি করেছেন, সেই সম্পর্কে অক্ষয়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি এ ইন্ডাস্ট্রিতে একা এসেছি। আমার পূর্বপুরুষদের কেউই এ জগতের মানুষ নন। এখানে আমার কোনো গডফাদার ছিল না।’
এছাড়া সিনেমাতে স্ক্রিপ্টের গুরুত্ব সম্পর্কেও অক্ষয় কথা বলেন। তিনি বলেন, ‘যদি সিনেমার চিত্রনাট্য শক্তিশালী না হয়, তাহলে আপনি কোনো কিছু করেই সিনেমাটিকে ভালো করতে পারবেন না। সিনেমার সফলতার পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব হলো স্ক্রিপ্ট ও স্ক্রিপ্ট লেখকের। তার পরের স্থানে আছেন সিনেমার পরিচালক ও প্রযোজক। তারপরে আসি আমরা এবং সিনেমার নির্মাণের সঙ্গে জড়িত সবাই।’
অক্ষয়ের মতে, যে সিনেমাটি পুরো সময় ধরে দর্শকদের বিনোদন দেয়, সেটি একটি ভালো সিনেমা। সাক্ষাত্কারে তিনি বলেন, ‘যদি কোনো সিনেমা আড়াই ঘণ্টা ধরে দর্শকদের বিনোদন দেয় এবং সিনেমা হল থেকে বের হয়ে দর্শক যদি বলে তার টিকিটের টাকা উসুল হয়েছে, তাহলেই সেটি একটি ভালো সিনেমা।’
সূত্র: পিংকভিলা










