টিভি নাটকের জনপ্রিয় জুটি তানজিন তিশা ও তৌসিফ মাহবুব। এবার তারা ফিরছেন নতুন একটি নাটক নিয়ে। নাটকের গল্পটা এই সময়ের। মানুষের জীবনের জটিলতা ও সম্পর্ক নিয়ে। মূল গল্পটা দুই মেরুর দুজন মানুষকে ঘিরে। এভাবেও বলা যায়, দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায় মিশে যাওয়া দেখা যাবে এতে। এ নাটকেরই প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তিশা ও তৌসিফ।

যোবায়েদ আহসানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। নাটকের নাম ফ্যামিলি। সাধারণত পরিবার নিয়ে নাটক হলে তা বড় পরিবারকে ঘিরেই হয়, কিন্তু এ সময় পরিবার ছোট হয়ে যাচ্ছে। সেই ছোট পরিবার ও আধুনিক সময়ের সমস্যা নিয়ে নির্মাণ হয়েছে ইমরোজ শাওনের ফ্যামিলি।

নাটকটি নিয়ে নির্মাতা জানান, এতে তৌসিফ ও তিশার নাম থাকছে যথাক্রমে পার্থ ও তিশা। গল্পে দেখা যাবে, দুজনই তাদের নিজস্ব সংসার জীবনে ডিভোর্সি। পার্থ তার ছেলেকে নিয়ে ও তিশা তার মেয়েকে নিয়ে একই বিল্ডিংয়ে আলাদা থাকেন। দুজনের মধ্যে কোনো জানাশোনাও নেই। এরপর তারা পরিচিত হন নানা ঘটনার মধ্য দিয়ে, যা গড়াতে থাকে অনেক গভীরে।

এ নিয়েই এগিয়ে যাবে নাটকের গল্প। আর তারা দেখাবে কেমন করে এ সময়ের পরিবার চলে। ফ্যামিলির প্রযোজক এসকে সাহেদ আলী। নাটকটি নিয়ে তিনি জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো ফ্যামিলি। এটি দর্শককে নতুন ধারার একটি গল্প বলবে। তিনি আরো জানান, ফ্যামিলি শিগগিরই প্রচার করা হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।