কিছুদিন আগে ট্রেলার প্রকাশের পর নেটফ্লিক্সের অ্যান্থোলজিক্যাল ওয়েব সিরিজ ‘রে’ বেশ সাড়া ফেলে দিয়েছিল। এবার সিজন ওয়ানের থাকছে চারটি গল্প। ২৫ জুন মুক্তির পর অবশ্য দর্শক, সমালোচকরা অনেকেই ‘রে’ নিয়ে হতাশ। সমালোচকরা বলছেন, সত্যজিতের গল্প, ভাবনাকে পরিচালকরা ঠিকঠাক তাদের ক্যামেরায় প্রকাশ করতে পারেননি, বরং নিজেদের মেটা ন্যারেটিভকে বেশি করে জুড়ে দিয়েছেন।

ফার্স্টপোস্ট তাদের রিভিউতে লিখেছে, ‘সমসাময়িক লেন্স দিয়ে সত্যজিৎ রায়ের কাজকে নিয়ে আঁতলামি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখানে রায়ের মানবতাবাদ ও স্বতঃস্ফূর্তভাবে মানুষের বিচ্ছিন্নতা দেখানোর যে ভাবনা তা একেবারেই বাদ পড়ে গেছে।’

এমন পরিস্থিতিতে বলিউড হাঙ্গামা যোগাযোগ করেছিল সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের সঙ্গে। উল্লেখ্য, সন্দীপ রায় নিজেও সত্যজিতের কাহিনী নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। নেটফ্লিক্সের রে সিরিজে তার সংশ্লিস্টতা কেমন ছিল এমন প্রশ্নের জবাবে সন্দীপ বলেছেন, ‘এ প্রকল্পে আমার সংশ্লিষ্টতা একেবারে শূন্য। নিটফ্লিক্স আমার কাছে বাবার গল্প ব্যবহারের অনুমতি চেয়েছিল এবং আমি কোনো দ্বিধা ছাড়াই সেটা দিয়েছি। কিন্তু এরপর তারা আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। গল্পগুলোর চিত্রনাট্য আমার অনুমোদনের জন্য পাঠানো হয়নি। সিরিজের পর্বগুলো নির্মাণের পর আমাকে দেখানো হয়নি।’

এরপর বলিউড হাঙ্গামা থেকে বলা হয়, সেক্ষেত্রে সত্যজিতের কাজের বুদ্ধিবৃত্তিক স্বত্ব নিয়ে তার আরো কঠোর হওয়া উচিত কিনা। সন্দীপ জবাবে বলেন, ‘হ্যাঁ। এটা ঠিক বলেছেন। রিভিউকারীরা এ সিরিজের সমালোচনা করছেন। এখন মনে হচ্ছে, এ সিরিজে আমার আরো বেশি যুক্ত হওয়া উচিত ছিল। তবে এখন অনেক দেরি হয়ে গেছে। আরেকটা কথা বলতে চাই, সিরিজের ট্রেলারটি আমার ভালো লাগেনি।’

সন্দীপ রায় অ্যান্থোলজিটি দেখবেন কিনা? ‘এখন সিরিজটি দেখতে আমার ভয়ই লাগছে। আবার একই সঙ্গে আমার বাবার গল্পগুলোর সঙ্গে কী করা হয়েছে সেটা জানতেও আমি আগ্রহী।’

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে বড় কিছু কাজ করার পরিকল্পনা করছেন সন্দীপ রায়। ‘কভিড মহামারীর কারণে শুরু করতে পারিনি। তবে এটা নিশ্চিত যে বাবাকে নিয়ে বড় কাজ করব।’

 

সূত্র: বলিউড হাঙ্গামা