করণ জোহরের বিখ্যাত শো কফি উইথ করণ আবার ফিরেছে। সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া সিটটিতে আসেননি এমন তারকার সংখ্যা খুবই কম। সাত সিজনজুড়ে সিটটি আলোকিত করেছেন বেশকিছু তারকা অতিথি। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। এরই মধ্যে কফি হাতে করণের সোফায় বসেছেন ভিকি কৌশল-সিদ্ধার্থ মালহোত্রা, সোনম কাপুর-অর্জুন কাপুর, আলিয়া ভাট-রণবীর সিং, সারা আলি খান-জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে-বিজয় দেবরকোন্ডা, অক্ষয় কুমার-সামান্থা রুথ প্রভু এবং কারিনা কাপুর খান-আমির খান। সম্প্রতি কফি উইথ করণের একটি এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন কিয়ারা আদভানি ও শহীদ কাপুর।

তবে এখনো এমন অনেক তারকা রয়েছেন, যাদের কফি উইথ করণের সিটে দেখা যায়নি। করণ নিজেই সম্প্রতি নিশ্চিত করেছেন, টিনসেল টাউনের দুজন তারকাকে কখনই এ শোয়ে দেখা যাবে না।

দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘বেশ কয়েক সিজন আগে একবার রেখা ম্যামের কাছে গিয়েছিলাম। তাকে আমার শোয়ে আনার জন্য খুব আগ্রহী ছিলাম, তখন তিনি সম্মত হননি। কিন্তু তারপর আমি অনুভব করতে পারি, তার কিছু খুব অদ্ভুত ও অসাধারণ রহস্য রয়েছে, সেগুলো সবসময় সংরক্ষিত থাকা দরকার। তাই আমি তাকে আর কোনো চাপ দিইনি।’

করণ আরো বলেন, ‘তার বন্ধু ও মেন্টর আদিত্য চোপড়াকেও এ শোয়ে নিয়ে আসার সম্ভাবনা নেই। কখনো কী আদিকে কফি উইথ করণে আনব... মানে আমি আসলে এতটা সাহসী নই যে তাকে জিজ্ঞাসা করব।’

২০০৫ সালে স্টার ওয়ার্ল্ডে শুরু হয় কফি উইথ করণ। ১৭ বছর পর শোটি এখন টিভি থেকে ওটিটি প্লাটফর্মে চলে এসেছে। বর্তমানে প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে ডিজনি প্লাস হটস্টারে প্রচারিত হচ্ছে কফি উইথ করণের নতুন নতুন এপিসোড।

 

সূত্র: আউটলুক ইন্ডিয়া