প্রতীক্ষার পালা শেষে গতকাল মুক্তি পেল শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। বাংলাদেশসহ একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ভারতে জওয়ানের হল সংখ্যা সাড়ে পাঁচ হাজার। অন্যদিকে বিশ্বে সাড়ে চার হাজার থিয়েটারে মুক্তি পেয়েছে শাহরুখের নতুন সিনেমাটি। প্রথম দিনই এটি বক্স অফিসে ঝড় তুলেছে। 

ভারতের সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ভোর ৫টা থেকে মাঝ রাত পর্যন্ত শো থাকছে সিনেমাটির। জওয়ানের অগ্রিম টিকিট বিক্রির সংখ্যা থেকেই স্পষ্ট ছিল সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। ভারতের বাজারে চার লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এবং সব মিলিয়ে ৯ লাখ ৬৬ হাজারের বেশি সিনেমা প্রেমী জওয়ানের টিকিট কিনেছেন। সিনেমাটি মুক্তির পর ভারতের সিনেমা সমালোচকরা এটি নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। সিনেমাটির আয় প্রসঙ্গে সিনেমা সমালোচক তরণ আদর্শ ও সুনিল জানিয়েছেন, ভারতের বাজারে জওয়ানের অনায়াসে ৬০০ কোটি রুপি আয় ছাড়িয়ে যাবে এবং সব মিলিয়ে বিশ্ববাজারে সিনেমাটি ১ হাজার কোটির বেশি আয় করবে। ভারতের বেশির ভাগ সিনেমা সমালোচক ‘ব্লকবাস্টার’ বলে আখ্যা দিচ্ছেন সিনেমাটিকে। তরন আদর্শ জওয়ানকে ৫-এর মধ্যে সাড়ে ৪ রেটিং দিয়ে তিনি ‘মেগা-ব্লকবাস্টার’ তকমা দিয়েছেন। জওয়ান নিয়ে তরণ আদর্শ বলেন, ‘‌শাহরুখের ক্যারিয়ারে অন্যতম মসলাদার সিনেমা এটি। অ্যাটলি তাকে দুর্দান্ত চরিত্রে হাজির করেছেন। জাওয়ান দর্শকের মন ও বক্স অফিস উভয়ই জিতে নেবে।’ 

অ্যাটলি কুমারের পরিচালনায় শাহরুখ নতুন করে দর্শকের সামনে হাজির হয়েছেন। 

জওয়ানে ডবল রোলে শাহরুখকে দেখে দর্শক মুগ্ধ হয়েছে তো বটেই, এর সঙ্গে নজর কেড়েছেন নয়নতারা, দীপিকা পাডুকোন ও বিজয় সেতুপতিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডে পরিণত হয়েছে জওয়ান। ভারতের মতো বাংলাদেশেও জওয়ান নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। সিনেমাটির মুক্তি ও সেন্সরকে ঘিরে দেশের দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো।

সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই হল ভাড়া করে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ নিশ্চিত করে ফেলেছে ভক্তরা। বাংলাদেশে শাহরুখ ভক্তদের অফিশিয়াল টিম ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’-র সদস্যরা এ আয়োজন করতে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন ভক্তদের এ গ্রুপের অন্যতম সদস্য মেহেদী হাসান। 

তিনি জানিয়েছেন, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে একটি হল তারা ভাড়া করেছেন। সেখানেই মুক্তির প্রথম দিন জাওয়ানের প্রথম শো দেখবেন। অগ্রিম হল বুকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমানও।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস