উত্তর আমেরিকার অন্যতম প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র হিসেবে হ্যারেল অ্যাওয়ার্ড জয় করেছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’ সিনেমা। ‘অস্কার ক্যাম্পেইন হটস্পট’ বলা হয় যুক্তরাষ্ট্রের ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে। ক্যামডেনের ১৮তম আসরে এ বছর সেরা সিনেমা পুরস্কার হ্যারেল অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করেছে অন্যদিন..সহ আটটি সিনেমা, যেখানে বাংলাদেশ ছাড়াও ছিল আমেরিকা, কানাডা, ফ্রান্স, নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্কটল্যান্ড, অস্ট্রিয়া, ফিলিস্তিন ও আর্মেনিয়া।

উৎসবে মেইনের রকল্যান্ডে অবস্থিত জার্নি’স অ্যান্ড থিয়েটারে অন্যদিন...এর প্রদর্শনী হয়েছিল। এরপর সোমবার রাতে আসে সুখবরটি। স্বনামধন্য চলচ্চিত্র সমালোচক এরিক হাইনস জুরিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘এ সিনেমাকে শ্রেষ্ঠ পুরস্কার দেয়ার ব্যাপারে আমরা জুরিরা সবাই একমত ছিলাম। একটা গোটা সমাজের শক্তিশালী পর্যবেক্ষণ চমত্কার এ হাইব্রিড সিনেমা।’ জুরিখ চলচ্চিত্র উৎসবের ১৮তম আসর বসতে যাচ্ছে আগামীকাল। আগামী ২ অক্টোবর পর্দা নামবে এবারের আয়োজনের। প্রযোজক সারা আফরীনসহ ইউরোপের এ উৎসবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কামার। জুরিখ উৎসবে ‘গোল্ডেন আই’ পুরস্কারের লড়াইয়ে আছে অন্যদিন...। গত বছরের নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভ্যাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিল কামার আমাদ সাইমনের অন্যদিন...। আর এ সিনেমার বিশ্ব অভিষেক আমস্টারডামের পথে তুসান্সকিতে। ইডফার ওয়েবসাইটে অন্যদিন... নিয়ে লেখা হয়েছিল ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’। এর আগে মার্চে নিউইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমির ফার্স্ট লুক ফেস্টিভ্যালে মাত্র ১৮টি নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা সিনেমা ছিল অন্যদিন...। মমির ওয়েবসাইটে এ সিনেমার বর্ণনা করা হয়েছিল ‘আর্টিস্টিক মাস্টারপিস’। গত জুনে অন্যদিন... ছিল সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে অস্ট্রেলিয়ান সেগমেন্টে জুরির দায়িত্বেও ছিলেন কামার। অস্ট্রেলিয়ার লিডিং ফিল্ম ম্যাগাজিন ফিল্ম-ইংক তখন এটি নিয়ে লিখেছিল, ‘সিনেমাটা সবচেয়ে বড় পর্দায় দেখানো উচিত’।

অন্যদিন... এর গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ কামার। এ নির্মাতা জানিয়েছেন, শিগগির বাংলাদেশে সিনেমাটি মুক্তির বিষয়ে ভাবছেন তিনি।

২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করে সিনেমাটি। এর চিত্রনাট্যের জন্য ২০১৬ সালে লোকার্নোয় প্রথম বাংলাদেশী নির্মাতা হিসেবে পিয়াতজা গ্রান্দায় রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা পেয়েছিলেন কামার। একই সঙ্গে পেয়েছিলেন ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। পরের বছরে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ পান।

২০১২ সালে ‘শুনতে কি পাও’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন নির্মাতা কামার আহমাদ সাইমন। প্রথম সিনেমায় আন্তর্জাতিক সম্মান পেয়েছিলেন এ নির্মাতা। শুনতে কি পাও ছিল লোকার্নোর ওপেন ডোরস ও জার্মানির ডক-লাইপজিশের উদ্বোধনী সিনেমা। প্যারিসে দ্যু রিলে গ্রাপ্রি, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন কোঞ্চ বা স্বর্ণশঙ্খ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরো অনেক পুরস্কার জিতেছে সিনেমাটি। মোট নয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত ছবিটি ২১ ফেব্রুয়ারি, ২০১৪ সালে বাংলাদেশে মুক্তি পায়। এরই মধ্যে চার সপ্তাহ প্রদর্শিত হয় ৯০ মিনিটের সিনেমাটি।