চিত্রনায়ক নিরব হোসেন অভিনয় করতে যাচ্ছেন ‘দেশ’ নামের একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। অ্যাকশন ঘরানার এ সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে নিরবকে। অস্ত্র চোরাকারবারির গল্প নিয়ে সাজানো হয়েছে সিনেমার কাহিনি, জানিয়েছেন নির্মাতা।

নিরব বলেন, ‘সিনেমার গল্পটি দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে। আমার চরিত্রের নামও দেশ। তাই এই সিনেমা নিয়ে নিজের মধ্যে অন্য রকম একটা অনুভূতি হচ্ছে। সিনেমাটির জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে আমাকে। আশা করছি, আমার চরিত্রটি এবং সিনেমার গল্পটি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারলে দর্শকের ভালো লাগবে।’

শুটিং শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার নায়িকাসহ অন্য অভিনয়শিল্পীদের নাম। আগামী বছরের ৫ আগস্ট সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সব কাজ শেষ হয়ে গেলে এর আগেই মুক্তির পরিকল্পনা রয়েছে।

পরিচালক জানান, বাংলাদেশে কোনো অস্ত্র উৎপাদন হয় না। তবে অস্ত্র চোরাকারবারির ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় দেশকে। সেই চক্র ধ্বংসের মিশনে নামবেন পুলিশ কর্মকর্তা দেশ। কাহিনিতে দেশপ্রেমের পাশাপাশি উঠে আসবে চরিত্রটির ব্যক্তিজীবনের নানা দিকও। আগামী ১৬ ডিসেম্বর ‘দেশ’ সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।