গত বছর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলারধর্মী সিনেমা অন্তর্জাল। দেশ ও দেশের বাইরে রেকর্ডসংখ্যক থিয়েটারে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসান। মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়িয়ে সম্প্রতি দেশের ডিজিটাল বিনোদনের প্লাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ওটিটি প্লাটফর্মে মুক্তির পর নতুন অর্জন করেছে সিনেমাটি। মাত্র দুই সপ্তাহে ১ কোটি মিনিট ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
স্বল্প সময়ের ব্যবধানে ওটিটিতে অন্তর্জাল এত বেশিসংখ্যক মানুষের দেখা প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, ‘আমরা দর্শককে বলেছিলাম, তাদের এলাকায় সিনেমা হল থাকুক বা না থাকুক সেটা নিয়ে ভাবতে হবে না, আমরা তাদের কাছে সিনেমা নিয়ে পৌঁছে যাব। বাংলাদেশের সিনেমা যে উন্নতি করেছে, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। অবশেষে টফির মাধ্যমে সারা দেশের সিনেমাপ্রেমী মানুষ যেকোনো নেটওয়ার্ক থেকে একদম ফ্রিতে অন্তর্জাল দেখছেন। দুই সপ্তাহে টফিতে ১৫ লাখের বেশি ভিউ হয়েছে সিনেমাটির।’
তিন তরুণের বুদ্ধিবৃত্তিক উদ্ভাবন আর সাইবার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই নিয়েই অন্তর্জাল সিনেমা। সাইবার দুনিয়ার কালো অধ্যায় হ্যাকিং। হ্যাকিং, সোশ্যাল মিডিয়ার নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্যপ্রযুক্তির যুগের নানা আলোচিত বিষয় নিয়েই এ সিনেমা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা নির্মাণ করেছেন দীপংকর দীপন।










