রাস্তায় নারীদেরকে হয়রানি নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। একই সঙ্গে তিনি ভিকটিমকে দোষী সাব্যস্ত ও সমালোচনা করা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আপনার পোশাক বা লিপস্টিককে দোষ দেবেন না’। বিখ্যাত একটি বিউটি ব্র্যান্ডের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিউটি ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত ঐশ্বরিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে তিনি অনুরোধ জানান, ‘কেউ যেন সমস্যাটি তুলে ধরতে পিছপা না হন।’

এ বিষয়ে ঐশ্বরিয়ার পরামর্শ, ‘সমস্যার চোখে চোখ রাখুন। মাথা উঁচু করে দাঁড়ান। আপনার মূল্য নিয়ে কখনো আপস করবেন না। নিজের মূল্যবোধের পক্ষে দাঁড়ান। পোশাক বা লিপস্টিককে দোষ দেবেন না। রাস্তার হয়রানি কখনই আপনার দোষ নয়।’ ঐশ্বরিয়ার এ সাহসী প্রতিবাদের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। একজন মন্তব্য করে লিখেছেন, ‘রাস্তায় নারী হয়রানি এখন নিয়মিত ঘটছে। এসব সমস্যা নিয়ে কঠোর হওয়া এবং আলোচনা করা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘এ মন্তব্য সব ক্ষেত্রের নারী ও কিশোরীদের জন্য শক্তিশালী প্রতিবাদ।’ অন্য একজন লিখেছেন, ‘আমার রানী, আপনার বার্তা নারীদের জন্য অনুপ্রেরণামূলক।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি