বলিউডের অন্যতম পরিচালক করণ জোহর। তার সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন একাধিক নতুন শিল্পী। এদের মধ্যে অনেকেই পরবর্তী সময়ে বলিউডের হাল ধরেছেন। এছাড়া বলিউডের অনেক তারকার সন্তানদের রুপালি জগতে অভিষেক হয়েছে করণ জোহরের সিনেমার মধ্য দিয়ে। পরিচালনার পাশাপাশি সঞ্চালনায়ও প্রাণবন্ত করণ। সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এর প্রতিটি সিজনে ভিন্নমাত্রা এনেছেন তিনি। ২০০৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সফলভাবে মোট সাতটি সিজন পেরিয়েছে কফি উইথ করণ। এবার পালা অষ্টম সিজনের। কোন তারকারা আসবেন এবারের সিজনে, তাই নিয়ে চলছে জোর আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, বলিউডের বাদশা শাহরুখ খানের হাত ধরেই শুরু হতে যাচ্ছে কফি উইথ করণের এবারের সিজন। শাহরুখের সঙ্গে থাকবে তার ছেলে আরিয়ান খান। এছাড়া চলতি বছর একসঙ্গে একটি পর্বে দেখা যেতে পারে আলিয়া ও কারিনাকে। এরই মধ্যে নাকি শুটিংও সেরে ফেলেছেন দুই নায়িকা। এছাড়া দেখা মিলতে পারে অজয় দেবগন ও রোহিত শেট্টিকেও। মূলত ‘সিংহম অ্যাগেইন’-এর প্রচার সারবেন তারা। বলিউডের রিয়েল লাইফ জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহকেও একটি পর্বে দেখা যাবে। কফি উইথ করণের অষ্টম সিজন শুরু হতে যাচ্ছে ২৬ অক্টোবর। ডিজনিপ্লাসে দেখা যাবে এবারের আসর। চলতি বছরের সিজন শুরু হলেই উত্তর মিলবে কোন তারকারা আসতে যাচ্ছেন এ আসরে। কফি উইথ করণের এবারের পর্বগুলো শুট করা হয়েছে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে। এর মধ্যে ইনস্টাগ্রামে এবারের আসর নিয়ে পোস্ট করে আগাম জানান দিয়েছেন করণ জোহর। করণ ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোস্টটি ঘিরে। অনেকেই তাদের পচ্ছন্দের বলিউড তারকাদের দেখতে চাইছেন কফি উইথ করণের মঞ্চে।
সূত্র: ইন্ডিয়া টুডে










