শেকসপিয়ারের নাটকের প্রথম সংকলনের একটি কপি সম্প্রতি নিউইয়র্কে সথবি’জ-এর নিলামে উঠেছিল। বইটি ৪০০ বছরের অধিক পুরনো একটি সংস্করণ। শেকসপিয়ারের নাটকের এ প্রথম সংকলনটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বলে বিবেচিত। একজন ব্যক্তিগত সংগ্রাহক ২০ লাখ ব্রিটিশ পাউন্ডের বেশি দাম দিয়ে বইটি কিনে নিয়েছেন, বাংলাদেশী মুদ্রায় যা ২২ কোটি ৭৩ লাখ টাকার (প্রতি পাউন্ড ১১৩ টাকা হিসেবে) বেশি।

শেকসপিয়ারের নাটকের সংকলনটি ৪০০ বছরের বেশি পুরনো সংস্করণ। এতে আছে ৩৬টি নাটক। বইটি সে সময় ছাপা হয়েছিল ৭৫০ কপি এবং এগুলোর মধ্যে ২২০টি এখনো টিকে আছে বলে জানা যায়। সংকলনটি না থাকলে শেকসপিয়ারের অন্তত ১৮টি নাটক চিরতরে হারিয়ে যেত, যার মধ্যে আছে ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট, জুলিয়াস সিজার ও টুয়েলফথ নাইট।

শেকসপিয়ারের নাটকের এ সংকলন সম্পাদনা করেছিলেন জন হেমিং ও হেনরি কনডেল। শেকসপিয়ারের মৃত্যুর সাত বছর পরে ১৬২৩ সালে সংকলনটি প্রকাশিত হয়েছিল।

সথবি’জ-এর নিলামে বিক্রি হওয়া কপিটি একসময় ব্রিটিশ রাজনৈতিক কর্মী ও ইতিহাসবিদ আরডব্লিউ সেটন-ওয়াটসনের সংগ্রহে ছিল। পরবর্তী সময়ে সেটি কিনে নেন আবেল ই বারল্যান্ড। শেষেরজন শিকাগোর একজন বিশিষ্ট গ্রন্থ সংগ্রাহক।

বইটির যে ২২০টি কপি টিকে আছে সেগুলোর মধ্যে মাত্র ২০টি আছে ব্যক্তি সংগ্রহে। ব্রিটিশ লাইব্রেরি হাউজে আছে পাঁচ কপি, বাকিগুলো দুনিয়ার বিভিন্ন জাদুঘর ও লাইব্রেরিতে সংরক্ষিত।

 

সূত্র: দ্য গার্ডিয়ান