ভারতের সিনেমায় কঙ্কনা সেনশর্মা পরিচিত নাম। অপর্ণা সেনের এ কন্যা নিজেকে নিজের নামেই পরিচিত করেছেন। টালিউডের পর বলিউডেও তার স্বচ্ছন্দ পদচারণা। খুব বেশি জনপ্রিয় ধারার কাজ না করলেও তিনি সমালোচক প্রশংসিত কাজ করেছেন। আবার দর্শকপ্রিয়ও হয়েছে তার অভিনীত সিনেমা। সর্বশেষ তাকে দেখা যায় অনুরাগ বসুর ‘মেট্রো... ইন দিনো’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন কঙ্কনা। ২০১৬ সালে মুক্তি পায় তার পরিচালিত ‘ডেথ ইন দ্য গঞ্জ’। সর্বশেষ ‘লাস্ট স্টোরিজ টু’তে একটি শর্টফিল্ম পরিচালনা করেন তিনি। সম্প্রতি জানালেন তিনি নতুন একটি সিরিজ পরিচালনা করছেন।
বিষয়টি নিশ্চিত করে হিন্দুস্তান টাইমসকে কঙ্কনা বলেন, ‘একটা কমেডি শো আসছে। আমি এ শোর সহলেখক ও সহপরিচালক। সঙ্গে আছেন আমার কলেজের বন্ধু জয়দীপ সরকার। নতুন এ কাজ নিয়ে আমি খানিকটা নার্ভাস। তবে কাজটায় আনন্দ পাব বলেই মনে করি এবং সে কারণেই এতে যুক্ত হওয়া।’
অনেক সময় নির্মাতারাও নিজ সিরিজে অভিনয় করেন। সিনেমার বাইরে সিরিজে কঙ্কনাকে সর্বশেষ দেখা গেছে ‘সার্চ: ন্যায়না মার্ডার কেস’-এ। নিজের নির্দেশিত সিরিজে অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে কঙ্কনা বলেন, ‘আমার মনে হয় না এতে আমি অভিনয় করব। আমার সঙ্গে অসাধারণ সব অভিনেতা আছেন। নিজের কাজ আরো জটিল করার তো প্রয়োজন নেই। অনেক অভিনেতা-নির্দেশক নিজের জন্য চরিত্র লেখেন, অভিনয় করেন। আমার এত সাহস নেই।’
সাহসের কথাটা মজা করেই বলেছেন কঙ্কনা। তিনি তার অভিনয়ে নানা নিরীক্ষা করেছেন। এমনকি তার ‘ডেথ ইন দ্য গঞ্জ’ও সাহসী নির্মাণ ছিল। এক ধাপ এগিয়ে ছিলেন লাস্ট স্টোরিজে তার পরিচালিত গল্পটিতে। এবার কমেডি সিরিজ নির্মাণ করলেও তা উপভোগ্য হবে বলে আশা করা যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস










