টেরি লোনের সিনেমার শুটিং শেষ করেছেন পিয়ার্স ব্রসনান। দ্য লাস্ট রাইফেলম্যান নামের এ সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসরপ্রাপ্ত এক সেনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার গল্প অনুসারে আর্টি ক্রফোর্ড নামের এ ভেটেরানের বয়স ৮৯ বছর। শুটিং শেষ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এ সিনেমার টিমকে ধন্যবাদ জানিয়েছেন ব্রসনান। তার মতে, এ সিনেমা ও চরিত্রটি তার জন্য ‘স্বপ্নের’। এছাড়া আর্টি ক্রফোর্ড চরিত্রে নিজের লুকের কয়েকটি ছবিও শেয়ার করেছেন এ অভিনেতা। ছবিতে মাথার সামনের দিকে টাক পড়া সাদা চুলের উইগে দেখা যায় তাকে। ভ্রুগুলো পুরোপুরি সাদা।
সিনেমা, চরিত্র ও অন্যান্য বিষয় নিয়ে তিনি নিজের অনুভূতির কথাও জানিয়েছেন। ব্রসনান লিখেছেন, ‘দ্য লাস্ট রাইফেলম্যান, সুন্দর এক স্বপ্নের নাম। ধন্যবাদ মিলেনিয়াম এফএক্স...নিল
ও ভেনেসাকে ধন্যবাদ আর্টির লুক তৈরি করার জন্য। প্রতিদিন দুই ঘণ্টা সময় নিয়ে আমার চোখের সামনে একটু একটু করে আর্টিকে জীবন্ত করে তোলার জন্য সারাহ, মরগ্যান ও স্টিফেনকে ধন্যবাদ। তোমাদের চেষ্টা ও অধ্যবসায়ের জন্য তৈরি ও পরিবর্তনের মধ্য দিয়ে আমি আর্টিকে বিশ্বাস করতে শুরু করেছি।’
দ্য রাইফেলম্যান সিনেমাটি একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। গল্প অনুসারে স্ত্রীর মৃত্যুর পর আর্টি তার উত্তর আয়ারল্যান্ডের বাড়ি থেকে পালিয়ে ফ্রান্সে যায়। সেখানে নরম্যান্ডি আক্রমণের বর্ষপূর্তিতে নিজের বন্ধুদের সম্মান জানায়। এ গল্পের স্মৃতিচারণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। ডি-ডে ল্যান্ডিংয়ের ৭৫তম বার্ষিকী থেকে এ গল্পের শুরু।
এর আগে নরম্যান্ডিতে শুটিংয়ের সময় ব্রসনান কিছু ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘দ্য রাইফেলম্যানের শেষ দিনের শুটিং নরম্যান্ডি ক্যাথেড্রালে। রয়্যাল অলস্টার্স রাইফেল দ্বিতীয় ব্যাটালিয়নের আর্টি ক্রফোর্ডের চরিত্রে অভিনয় করছি।’
৬৯ বছর বয়সী ব্রসনানের এ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










