পরপর আধা ডজন সিনেমায় ভরাডুবি দেখেছেন অক্ষয় কুমার। এখন শুটিং হতে যাওয়া ‘হেরা ফেরি ৪’ নিয়ে একই আশঙ্কা দেখা দিয়েছে। এ সিনেমায় তার সঙ্গে আছেন সুনীল শেঠি ও পরেশ রাওয়াল। ভিলেন চরিত্রে সঞ্জয় দত্তের নাম শোনা যাচ্ছে।

সম্প্রতি ছবির তিন প্রধান তারকা প্রোমো শুটের জন্য এক হয়েছেন। চূড়ান্ত শুটিং শুরু হবে মার্চ বা এপ্রিলে।

সিরিজের তৃতীয় কিস্তি হলেও নাম ‘হেরা ফেরি ৪’ রেখে চমক রেখেছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ও পরিচালক ফরহাদ সামজি। কিন্তু গোল বেঁধেছে অক্ষয়ের সাম্প্রতিক ছবি ‘সেলফি’র ব্যর্থতা।

সমালোচকরা বলছেন, রিমেক ও দুর্বল গল্পের কারণে ধুঁকছে অক্ষয়ের ক্যারিয়ার। এ কারণে পরপর ৬টি ছবি ব্যর্থ হয়েছে। যার কোনোটিই দর্শক বা সমালোচকদের কাছ থেকে পজিটিভ রিভিউ পায়নি। এখন ‘হেরা ফেরি ৪’-এর গল্প নিয়ে দেখা দিয়েছে সংশয়।

শুরুতে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয় কুমার ও প্রথম পর্বের পরিচালক প্রিয়দর্শন। কারণ ‘হেরা ফেরি’র আকাশচুম্বী প্রত্যাশার তুলনায় গল্প একদমই সাদামাটা। তখন যুক্ত হন কার্তিক আরিয়ান। কিন্তু ভক্তদের প্রবল চাপের পর ফিরে আসেন অক্ষয় কুমার। তখন সরে যান পরিচালক আনিস বাজমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনিস জানান, দুটি কারণে ‘ফির ফেরি ৪’ করছেন না। প্রথমটি হলো গল্প। তার মতে, গল্প না থাকলে দর্শক সেই সিনেমা দেখবে না। কিন্তু প্রযোজক লম্বা সময় নিয়েও আকর্ষণীয় কোনো গল্প দিতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত, আগের পাওনা না মেটালে কাজ করবেন না বলেছিলেন।

আনিস অবাক হয়েছেন, কীভাবে এমন একটি কাহিনি নিয়ে সিনেমা তৈরি হচ্ছে! তবে গল্প যদি বদল হয় সেটা অন্য বিষয়।

এ ছাড়া পরিচালক ফরহাদ সামজিকে নিয়ে বলিউডে খুব একটা সুনাম নেই। এর আগে অক্ষয়ের সঙ্গে তিনটি সিনেমা করেছেন এই নির্মাতা। সর্বশেষ ‘বচ্চন পান্ডে’ ছিল ফ্লপ। অক্ষয় ভক্তরা তাকে পরিচালকের আসন থেকে সরানোর জন্য রীতিমতো পিটিশন নিয়ে মাঠে নেমেছেন। সব মিলিয়ে পরপর ফ্লপের পর আরেকটি ধাক্কার জন্য প্রস্তুত হচ্ছে বলিউড খিলাড়ি।