কোয়েন্টিন টারান্টিনোর কিল বিল হলিউডের ক্ল্যাসিক হিসেবে বিবেচিত।
কয়েক বছর আগে নিখিল দ্বিবেদী ভারতে কিল বিলের রিমেক নির্মাণের স্বত্ব কিনেছিলেন।
তার পর থেকে কিল বিলের দক্ষিণ এশীয় ভক্তরা অপেক্ষায় আছেন কবে বলিউডে ছবিটির রিমেক হবে।
অবশেষে পাওয়া গেছে এ রিমেকের অগ্রগতির খবর।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানাচ্ছে, কিল বিলের হিন্দি রিমেক পরিচালনা করবেন অনুরাগ কাশ্যপ।
অন্যদিকে ছবির মূল চরিত্র উমা থরম্যানের ভূমিকায় কোন বলিউড সুন্দরীকে দেখা যাবে তা নিয়ে আগ্রহীদের কৌতূহলের কমতি ছিল না।
সে বিষয়েও পিংকভিলা নতুন খবর জানিয়েছে।
রিমেক নির্মাতারা উমা থরম্যানের চরিত্রে নিতে চাইছেন কৃতি শ্যাননকে এবং এ বিষয়ে কৃতির সঙ্গে তাদের আলোচনাও শুরু হয়েছে।
পিংকভিলার সূত্র জানাচ্ছে, নিখিল দ্বিবেদী লকডাউনের মধ্যে কিল বিলের হিন্দি অ্যাডাপটেশন চিত্রনাট্য নিয়ে অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করেছেন। নিখিল ও অনুরাগ দুজনই এ রিমেককে মূল ছবিটির প্রতি সম্মান প্রদর্শন হিসেবেই দেখছেন। টারান্টিনোর কিংবদন্তির প্রতি যেন সুবিচার করা যায় সেটা মাথায় রেখে তারা চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। এখন শুরু হয়েছে অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ আর মূল চরিত্রটির জন্য কথা শুরু হয়েছে কৃতি শ্যাননের সঙ্গে। কৃতির সঙ্গে চুক্তির বিষয়টি দ্রুতই শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
বলাই বাহুল্য, কৃতি এখনো তার ক্যারিয়ারে এমন অ্যাকশনধর্মী ছবিতে আগে কাজ করেননি।
আর কিল বিলে উমা থরম্যানের দ্য ব্রাইড চরিত্রটিকে ধরা হয় সিনেমার ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ নারী চরিত্র হিসেবে।
উমার জুতায় পা গলাতে কৃতিকে যে নানা রকম প্রশিক্ষণ, রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে সেটা নিশ্চিত।
ছবির শুটিং কবে শুরু হবে তা এখনো জানানো হয়নি।
কৃতি বর্তমানে প্রভাস ও সাইফ আলী খানের সঙ্গে কাজ করছেন আদিপুরুষ ছবিতে।
এতে তাকে সীতার চরিত্রে দেখা যাবে।
আদিপুরুষের কাজ শেষ করেই কৃতি হয়তো কিল বিলের রিমেকে কাজ শুরু করবেন।
সূত্র: পিংকভিলা










