ব্ল্যাক পিংকের জনপ্রিয়তা বাড়ছে বৈ কমছে না। কোরিয়ান পপ কালচারে একাধিক ব্যান্ড জনপ্রিয়। এর মধ্যে নারীদের ব্যান্ড ব্ল্যাক পিংক। কয়েক বছরে বিটিএসের পাশাপাশি তুমুল জনপ্রিয় হয়েছে ব্যান্ডটি। সম্প্রতি মুক্তি পাওয়া তাদের মিউজিক ভিডিও ‘পিংক ভেনম’
ইউটিউবে এ বছরের সর্বোচ্চ ভিউ পেয়েছে। প্রিমিয়ার হওয়ার পর ২৪ ঘণ্টায় এত ভিউ আর কোনো মিউজিক ভিডিও পায়নি।
পিংক ভেনমে ‘গার্ল পাওয়ার’
থিমটিকে প্রাধান্য দেয়া হয়েছে। তাই নারীদের কাছে গানটি খুব ইতিবাচক। পাশাপাশি নাচ ও মিউজিকে ভরপুর ভিডিওটি পছন্দ করেছে তরুণদের সবাই। তাই প্রিমিয়ার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এটি ৮ দশমিক ৬২ কোটি ভিউ পেয়েছে। পরবর্তী ৬ ঘণ্টার আরো ভিউ পেয়ে মাত্র ৩০ ঘণ্টায় মোট ১০ কোটি ভিউ পায় মিউজিক ভিডিওটি। ব্ল্যাক পিংকের ভক্তরা ‘ব্লিংক’
নামে পরিচিত এবং প্রিমিয়ার পরবর্তী প্রাথমিক উইন্ডোয় তারা গানটিকে ৬০ লাখ লাইক দিয়েছে।
এত কিছুর মধ্য দিয়ে পিংক ভেনম মিউজিক ভিডিওটি ইউটিউব র্যাংকিংয়ে প্রিমিয়ারের ক্ষেত্রে চতুর্থ অবস্থানে। তৃতীয় অবস্থানে এ ব্যান্ডেরই ‘হাউ ইউ লাইক দ্যাট’
গানটি। ২০২০ সালের জুনে প্রিমিয়ার হওয়া মিউজিক ভিডিওটি ৮ দশমিক ৬৩ কোটি ভিউ পেয়েছিল। প্রথম দুটি জায়গা ধরে রেখেছে বিটিএস। তাদের ‘বাটার’
গত বছর ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৮২ কোটি ভিউ পায়। ২০২০ সালের নিজেদের গান ‘ডাইনামাইট’কে টপকে শীর্ষ অবস্থানে এসেছে ‘বাটার’।
ইউটিউবের প্রথম একদিনের ভিউ দিয়ে র্যাংকিংয়ের বিষয়টি তিন-চার বছর ধরে জনপ্রিয়। র্যাংকিংয়ের ক্ষেত্রে এটিকে গুরুত্ব দেয়া হয়। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে, এ বছর আর কোনো বড় প্রিমিয়ার না হলে প্রিমিয়ারে সর্বোচ্চ ভিউয়ের মালিক ব্ল্যাক পিংকই হবে। এ মুহূর্তে জিসো, জেনি, রোজ ও লিসার এ ব্যান্ডটি ২৮ আগস্টের এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ১৫ অক্টোবর থেকে আগামী বছরের ২১ জুন পর্যন্ত ‘বর্ন পিংক’
নামে তাদের ওয়ার্ল্ড ট্যুর চলবে।
সূত্র: ভ্যারাইটি










