বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চলছে গণজাগরণের শিল্প আন্দোলন ‘গণজাগরণের চলচ্চিত্র উৎসব ২০২৩’। এ উৎসবে স্বল্প ও পূর্ণ উভয় দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। সে ধারাবাহিকতায় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে খিজির হায়াত খান নির্মিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ৭ জন’ এবং আগামীকাল দেশের ৬৩ জেলায় সিনেমাটি প্রদর্শনীর মধ্য দিয়ে পর্দা উঠবে ‘গণজাগরণের চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর।
দেশব্যাপী ওরা ৭ জন দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা খিজির হায়াত নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির গণজাগরণের শিল্প বিপ্লব আয়োজনের অংশ হিসেবে আজ শিল্পকলা একাডেমিতে ওরা ৭ জন সিনেমাটি দেখানো হবে । ঠিক তার পরদিন বিকাল ৪টায় সমগ্র বাংলাদেশের ৬৩টি জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে একযোগে ওরা ৭ জনের প্রদর্শনী হবে। সারা দেশে সিনেমাটি দেখানো হবে, এটা এ সিনেমার টিমের জন্য খুবই আনন্দের। যারা হলে গিয়ে এটি দেখতে পারেন নাই তাদের সবাইকে এ সুযোগ গ্রহণ করে বাংলা সিনেমার পাশে থাকার অনুরোধ করা হলো। অর্জনে, গর্জনে, বিজয়ে দেখা হবে আজ ও আগামীকাল।’
সাতজন মুক্তিযোদ্ধার গল্প নিয়ে খিজির হায়াত খান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ওরা ৭ জন। গত মার্চে সিনেমাটি মুক্তির পর দর্শক টেনেছিল। ওরা ৭ জনে সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান। সিনেমাটিতে মম অভিনয় করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। মমর চরিত্রের নাম অপর্ণা সেন। ওরা ৭ জন সিনেমাটি দেখার জন্য দর্শককে আহ্বান জানিয়ে জাকিয়া বারী মম বলেন, ‘মুক্তিযুদ্ধের সিনেমা মানেই সে গৎবাঁধা কিংবা ছকে বাঁধা সিনেমার ভাবনায় রেখে দেয়া নয়, এখন আর সে সময় নেই। আমি দর্শককে, বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকের উদ্দেশে বলব, প্রচলিত ইমেজকে মাথায় না রেখে খোলা মনে আমরা যেমন বই পড়ি, তেমনি খোলা মনে সিনেমাটিও দেখা উচিত। তাহলেই এটি আমরা যথাযথভাবে উপভোগ করতে পারব। আমি এ সিনেমায় কাজ করে ভীষণ তৃপ্ত। সত্যিই দীর্ঘ একটা সময় আমাদের সবাইকে অনেক শ্রম দিতে হয়েছে। দর্শকের কাছে ভালো লাগাটাই আমাদের মূল লক্ষ্য।’
আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে সিনেমাটি। ভারতের অন্যতম চলচ্চিত্র উৎসব দাদাসাহেব ফালকে। ১৩তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের আসরে অফিশিয়াল সিলেকশন ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে ওরা ৭ জন।
অন্যদিকে বিজয়ের মাসে ওরা ৭ জন ইউটিউবে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়ে সরে আসেন নির্মাতা। সিদ্ধান্ত বদলের কারণ জানতে চাইলে তিনি জানান, বিশ্বব্যাপী অনলাইন প্লাটফর্মে মুক্তির জন্য একটি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম আগ্রহ প্রকাশ করেছে। এ কারণেই আজ ইউটিউবে ওরা ৭ জন মুক্তি স্থগিত করেছেন তারা। তবে শিগগির সিনেমাটি সবার জন্য উন্মুক্ত করে ইউটিউবে মুক্তি দেয়া হবে।










