মাঝে লম্বা সময় বিরতি নিয়ে ফের বড় পর্দা দিয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। একসময় ছোট পর্দার দাপুটে অভিনেতা ছিলেন তিনি। সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মিত প্রহেলিকার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন তারা। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।
সোমবার সন্ধ্যায় সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’ বঙ্গর ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার পর থেকেই প্রশংসা পাচ্ছেন নতুন এ তারকা জুটি। এ গানে মাহফুজ আহমেদ ও বুবলীর রোমান্টিক অবতার এরই মাঝে প্রশংসা কুড়াচ্ছে। সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনে গানটির শুটিং হয়েছে। আসিফ ইকবালের কথায় এ গানের সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল। গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়ে ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ। তিনি বললেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এ কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’
অন্যদিকে প্রহেলিকায় অভিনেতা মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে আর তার সঙ্গে অর্পা চরিত্রে বুবলী। গানটি নিয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত। চলতি বছরে বুবলীর প্রথম ঝলক এল এ প্রহেলিকার মেঘের নৌকার মধ্য দিয়েই। এ নিয়ে বুবলী বলেন, ‘পর্দায় অভিনয় করার জন্য এ রকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো। যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের কেমেস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এ গান প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।’
মেঘের নৌকা নিয়ে গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘আমি সিনেমায় শেষ গান লিখেছি ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য। এবার লিখলাম প্রহেলিকার। লেখার প্রথম কারণ মাহফুজ আহমেদের ফেরা হচ্ছে এ সিনেমার মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। সিনেমার সঙ্গে জড়িত অন্যরাও আমার খুব পছন্দের। তবে মাহফুজ আহমেদ আমাদের সবার কাছেই একটু স্পেশাল। গানটি যথেষ্ট আবেগ আর আন্তরিকতা দিয়ে লেখার চেষ্টা করেছি। ইমরান-কোনাল অসম্ভব ভালো করেছে গানটি। সেটি পর্দায় দেখার পর সত্যিই তৃপ্তি পেয়েছি। মনে হলো গানটির সুবিচার করেছেন নির্মাতা।’
এদিকে গানের শিল্পী কোনাল বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এর মধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেল। তবে এ ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এর মধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে মেঘের নৌকা। প্রহেলিকার টিজার প্রকাশের পর থেকে এ গানের জন্য আমার ভক্তরা অপেক্ষায় ছিলেন। প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির গীতিকবি, সুরকার, নির্মাতা ও শিল্পীদের প্রতি।’
রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চয়নিকা চৌধুরী সিনেমাটি মুক্তির তারিখ এখনো নিশ্চিত না করলেও খুব শিগগির জানাবেন।
প্রহেলিকা দিয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন মাহফুজ। সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। মাহফুজ অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো ডিগ্রি’। এটি ২০১৫ সালে মুক্তি পায়।










