ওয়ার্নার ব্রস পিকচার সম্প্রতি তাদের আসন্ন ছবি টম অ্যান্ড জেরির ট্রেলার উন্মুক্ত করেছে। বিশ্ববিখ্যাত এ কার্টুন এবার আসছে বড় পর্দায়। ২০২১ সালে টম অ্যান্ড জেরি ছবিটি মুক্তি পাবে।

ভ্যারাইটি জানিয়েছে, ভক্তরা টেলিভিশনে টম, জেরি ও অন্য চরিত্রগুলো যে চেহারায় দেখেছেন চলচ্চিত্রেও তারা তেমনই থাকবে। ছবিতে দেখা যাবে বাস্তব দুনিয়ার পরিবেশ, মানুষকে। তবে টম আর জেরি তার মধ্যেই থাকছে তাদের নিজেদের চেহারাতেই।

ছবিতে শোলে গ্রেস মর্টেজকে দেখা যাবে একজন ইভেন্ট প্লানার হিসেবে। একটি বিয়ের অনুষ্ঠান করার জন্য হোটেল কর্তৃপক্ষ তাকে ভাড়া করে। কিন্তু তাকে মোকাবেলা করতে হবে জেরির সঙ্গে। হোটেলের কোনো এক অজানা জায়গায় ইঁদুর জেরি তার আবাস তৈরি করেছে। বিয়ের অনুষ্ঠানে জেরিকে থামাতে না পারলে সব পণ্ড হবে!

টম অ্যান্ড জেরি ছবির কাহিনী লিখেছেন কেভিন কসতেল্লো। বলাই বাহুল্য এটি জোসেফ বারবারা ও উইলিয়াম হান্নার ক্ল্যাসিক কার্টুন টম অ্যান্ড জেরিকে ভিত্তি করে রচিত ও নির্মিত।

বিয়ের আগে হোটেল কর্তৃপক্ষ বিড়াল টমকে ভাড়া করে জেরিকে তাড়ানোর জন্য। সেই পুরনো শত্রুতা আবারো দেখা যাবে এ ছবিতে। বহু বছরের পুরনো এ শত্রুতা নিউইয়র্কের এক হোটেলে বিয়ের অনুষ্ঠানকে ঘিরে আবার জেগে ওঠে। ছবিটি পরিচালনা করেছেন টিম স্টোরি।

টম আর জেরির ঝগড়ায় এবার বিয়ে, হোটেল ও গ্রেস মর্টেজের ক্যারিয়ার সবই হুমকির মুখে। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন হোটেলের এক কর্মী এ তিনজনের বিরুদ্ধেই এক ষড়যন্ত্রে লিপ্ত হয়।

ক্ল্যাসিক অ্যানিমেশন আর লাইভ অ্যাকশন দর্শকদের মোহিত করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বড় পর্দায় এ ছবি টম অ্যান্ড জেরিকে আরেকবার দর্শকদের সামনে হাজির করছে নতুন গল্প নিয়ে। ছবিতে মর্টেজ ছাড়াও অভিনয় করেছেন মাইকেল পেনা, রব ডেলানি, কলিন জস্ট ও কেন জেওং।

টম অ্যান্ড জেরি প্রথমবার প্রচারিত হয়েছিল ১৯৪০ সালে। এরপর তদের নিয়ে তৈরি হয়েছে ১৬৪টি অ্যানিমেটেড শর্ট স্টোরি, টিভি সিরিজ এবং বেশ কয়েকটি ছবি।

 

সূত্র: ডিএনএ