গত বছর জনপ্রিয় ব্যান্ড সোলস পার করেছে ৫০ বছর। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করবে নতুন ৫০টি গান। নিয়মিতভাবে নতুন নতুন গান প্রকাশ করছে তারা। তারই ধারাবাহিকতায় নতুন বছরে নিয়ে এল নতুন গান। গানের শিরোনাম ‘নতুন শহর’। গানটি লিখেছেন লন্ডন প্রবাসী গীতিকার শেখ রানা। সুর ও সংগীত করেছেন পার্থ বড়ুয়া। গত মঙ্গলবার রাতে গানটি সোলসের অফিশিয়াল ও পার্থ বড়ুয়ার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। এরই মধ্যে সোলস ভক্তরা গানটিতে বেশ সাড়া দিয়েছেন। 

পার্থ বড়ুয়া জানান, গানটি তৈরির পেছনে আছে বেশ মজার ঘটনা। সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডটি লন্ডন সফরে গিয়েছিল গত বছর। সেখানে বার্মিংহামে সোলসের একটি অনুষ্ঠানে আসেন গীতিকবি শেখ রানা। সেখানেই নতুন শহর গানটির পরিকল্পনা হয়। গানের ভিডিও ধারণ করা হয়েছে বার্মিংহামে বিভিন্ন লোকেশনে। এ গান প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘আমরা বলেছিলাম, ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০টি গান প্রকাশ করব। এরই ধারাবাহিকতায় নতুন শহর গানটি প্রকাশ করেছি। এ গান একদিনের সিদ্ধান্তে করা হয়। বিদেশে বসে প্রফেশনাল স্টুডিওতে গান রেকর্ডিং করা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।’ কথায় কথায় এর গায়ক বলেন, ‘শেখ রানার মাধ্যমে জানতে পারি, তৌফিক আহমেদ বার্মিংহাম প্রবাসী। তার সঙ্গে কথা বলে পরদিন রেকর্ডিং স্টুডিও বুক করা হয়। একদিনের মধ্যেই গানের রেকর্ডিং সম্পন্ন হয়। স্টুডিং বুকিংয়ের জন্য তিতাসের প্রতি কৃতজ্ঞতা।’

বার্মিংহামের বি দ্য সাউন্ড স্টুডিওতে গানটির রেকডিং ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন জেনিস ক্রাউকলিস। সার্বিক সহযোগিতায় ছিলেন টিঅ্যান্ডটি কনসালট্যান্সির কর্ণধার ইফতেখার। প্রসঙ্গত, সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাতটি গান প্রকাশ হয়েছে। এ তালিকায় রয়েছে কিতা ভাইসাব, রিকশা, যদি দেখো, হাওয়াই মিঠাই, সাগরের প্রান্তরে, বন্ধ হয়ে গেছে, যত প্রেম।