মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত সালার সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারের লুক। সিনেমাটিতে তার চরিত্রের নাম ভার্দারাজা মান্নার। বেশ রাফ লুকে দেখা গিয়েছে তাকে। অ্যাকশন সিনেমায় এমন লুকই হওয়ার কথা। সালারে পৃথ্বীরাজের সহ-অভিনেতা প্রভাস। ধারণা করা হচ্ছে পৃথ্বীরাজ হবেন অ্যান্টি হিরো। লুক দেখে অনেকে সে ধারণার কথা আরো জোর দিয়ে বলছেন। গতকাল পৃথ্বীরাজের জন্মদিন উপলক্ষে তার লুক প্রকাশ করা হয়।
এদিকে জন্মদিনের জন্য তিনদিনের ছুটি নিয়েছেন পৃথ্বীরাজ। চল্লিশের কোটায় প্রবেশ করা এ দক্ষিণী অভিনেতা দক্ষিণের পাশাপাশি সারা ভারতে জনপ্রিয়। অভিনয়ে তার গভীরতার বিষয়ে দর্শক-সমালোচকরা স্বীকৃতি দিয়েছেন। এমনকি তার পরিবারের মানুষও তাকে সিনেমার জন্য নিবেদিত বলেই মনে করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পৃথ্বীরাজ সুকুমার বলেন, ‘আমার স্ত্রী বলেন আমি সব সময় সিনেমা নিয়েই থাকি। আসলেও দুটো মালয়ালম সিনেমা শেষ করলাম। এরপর আমার পরিচালনায় পরবর্তী সিনেমা নিয়ে কাজ করছি। ২০১৯ সালে মুক্তি পাওয়া লুসিফারের সিক্যুয়াল আসবে। এর মধ্যেই তিনদিনের ছুটি নিয়ে নিলাম।’
জন্মদিন বড় করে পালন করার কোনো পরিকল্পনা থাকে না পৃথ্বীরাজের। তবে সারপ্রাইজ গিফট পেয়ে তিনি দারুণ খুশি। এর মধ্যেই সিনেমায় বয়স অনুসারে চরিত্র করা নিয়ে তিনি কথা বলেন। বুড়িয়ে যাওয়ার ব্যাপারটা তিনি ভয় পান কিনা সে প্রশ্নের উত্তরে বলেন, ‘লোকে বলে একটা বয়সের পর আর নির্দিষ্ট কিছু চরিত্র করা যায় না। কিন্তু আমি খেয়াল করি যে নির্দিষ্ট একটা বয়স পার করে নতুন আরো কিছু চরিত্রে অভিনয় করা যায়, যা আগে সম্ভব ছিল না। আমি ২০ বছর বয়সী একজন তরুণের চরিত্রে অভিনয় করতে পারব না কিন্তু ১২ বছর বয়সী কিশোরের বাবার চরিত্রে তো অভিনয় করতে পারব। ১০ বছর আগেই আমি লাভার বয়ের চরিত্রে অভিনয় করা ছেড়েছি।’
১০ বছর আগে (২০১২ সাল) মুক্তি পায় আইয়া। রানী মুখার্জির বিপরীতে লাভার বয়ের চরিত্রে বলিউডে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ। সিনেমাটি ফ্লপ করেছিল। কিন্তু সুকুমার আসলে আনারকলি, লুসিফার, মুম্বাই পুলিস, কুরুথির মতো সিনেমার উপযুক্ত অভিনেতা।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










