চার মাস ধরে দেশের বাইরের কনসার্ট নিয়েই ব্যস্ত রয়েছেন নগর বাউলখ্যাত গায়ক জেমস। লন্ডন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্ট করেছেন তিনি। দেশগুলোয় বেশ কয়েকটি কনসার্টের শিডিউল দেয়া আগামীতেও। ফলে বিদেশের দর্শককে গান শোনানোর এ ব্যস্ততা সহসাই কাটছে না জেমসের।
জানা যায়, ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে নরউড কনসার্ট হলে গাইবেন এ তারকা। এরই মধ্যে চলছে প্রচার-প্রচারণা। এতে গাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। জেমসের অফিশিয়াল ফেসবুক পেজেও গাওয়ার বিষয়ে নিশ্চিত করে লেখা হয়েছে, ‘প্রাণের অ্যাডিলেড। ভালোবাসা নিও। দেখা হবে ১০ নভেম্বর।’ এর আগে ২ নভেম্বর মেলবোর্নেও কনসার্ট করেছেন জেমস। এতে জেমসের সঙ্গে আরো গেয়েছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ।
এদিকে গুঞ্জন এবারের বিপিএলের উদ্বোধনী আসরে গাইবেন জেমস। বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হচ্ছে বিষয়টি। এ বিষয়ে জেমসের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন তার ম্যানেজার। গণমাধ্যমে তিনি বলেন, ‘এ বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বিপিএল কর্তৃপক্ষ। এমন কিছু হলে তো অফিশিয়ালি জানানো হবে। এখনো এ বিষয়ে আমরা কিছুই জানি না, যেহেতু জানি না, তাই এ বিষয়ে কথাও বলতে পারছি না।’
এদিকে গত ২ অক্টোবর পালন করা হলো জেমসের ৬১তম জন্মদিন। নানা কারণে দিনটি অনেকটা আড়ম্বরহীন ছিল। দেশের চলমান নানা ইস্যুর কারণে সাদামাটাই ছিল রকস্টারের জন্মদিন।
উল্লেখ্য ২০২২ সালের এপ্রিলে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্লাটফর্মে ‘আই লাভ ইউ’ ও ‘সবই ভুল’ শিরোনামে দুটি গান প্রকাশিত হয় জেমসের। তবে সে গানে শ্রোতারা আগের জেমসকে পাননি।










