দুর্গা পূজাকে কেন্দ্র করে কলকাতার সিনেমা ও ওটিটি প্লাটফর্মগুলো জমজমাট হয়ে ওঠে। সে ধারাবাহিকতায় এবার পূজায় ওটিটিতে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ ওয়েব সিরিজ় ‘দুর্গ রহস্য’। এতে সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার। সোমবার সিরিজটির পোস্টার লঞ্চ অনুষ্ঠানেই ব্যোমকেশ চরিত্র থেকে অবসর নেয়ার কথা ঘোষণা করে সবাইকে চমকে দিলেন অনির্বাণ ভট্টাচার্য। এমন সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘‌দুর্গ রহস্য করার পর আমার মনে হয়েছে, আমার অভিনেতা হিসেবে কিছু সীমাবদ্ধতা আছে। সব অভিনেতারই তো কিছু সীমাবদ্ধতা থাকে। কল্পনা করার, এক্সপ্লোর করার সীমাবদ্ধতা। আমি দুর্গ রহস্য নিয়ে ১৪টি গল্পে অভিনয় করলাম। ভেবে দেখলাম যে আমার পুরো ব্যোমকেশ সমগ্র পড়া হয়ে গেছে।’ 

ব্যোমকেশ প্রসঙ্গ টেনে অনির্বাণ আরো বলেন, ‘আমার মনে হলো যে ব্যোমকেশ মানুষটার ভেতর থেকে নতুন কিছু তুলে আনা আমার পক্ষে সম্ভব নয়। তাই এমন এক অভিনেতাকে দরকার যে ব্যোমকেশের অচেনা দিক, অর্থাৎ যা এখনো দর্শক লক্ষ্য করেনি, সে রকম কারোর কাছে এ চরিত্র যাওয়া উচিত। আমার সীমাবদ্ধতায় ব্যোমকেশ হয়ে যা কিছু দর্শকের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল, আমার মনে হয় তা আমি করেছি। আমার ভাণ্ডার শেষ’।

অনির্বাণের ব্যোমকেশ ছাড়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করছেন তার ভক্তরা। অনেকেই বলছেন, সিদ্ধান্তে পরিবর্তন আনার জন্য। তবে এখন পর্যন্ত তা করেননি এ অভিনেতা। 

অনির্বাণ ভট্টাচার্য একজন ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। নির্মাতা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘‌বল্লভপুরের রূপকথা’ সিনেমা দিয়ে গত বছর পরিচালনায় আসেন অনির্বাণ। সিনেমাটি দুই মাসের বেশি সময় কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল। এ সিনেমায় অনির্বাণ নিজে অভিনয় না করলেও নির্মাতা হিসেবে দর্শকের ভালোবাসা পেয়েছেন।