কানের ৭৪তম আসরের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মের জন্য নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের প্রথম চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’।
বিষয়টি নিশ্চিত করেছেন নুহাশ।
বলেছেন, ‘আমার প্রথম চলচ্চিত্রটি কানের বাণিজ্যিক বাজারে ওঠার জন্য নির্বাচিত হলো।
এটা আমার জন্য খুবই উৎসাহের বিষয়।’
এর জন্য তিনি ধন্যবাদ জানান ভারতের ফিল্ম বাজারকে।
যে প্রতিষ্ঠানের উদ্যোগে কানের মার্শে দ্যু ফিল্ম বিভাগে যুক্ত হলো ছবিটি।
যার ফলে গোটা বিশ্বের উল্লেখযোগ্য সিনেমা কর্তারা নুহাশের ছবিটি বেচাকেনার সঙ্গে যুক্ত হতে পারবেন।
কারণ এখানে প্রযোজক, পরিবেশক, সম্পাদক ও চলচ্চিত্র বিশেষজ্ঞরা অংশ নেন।
চলতি বছর ৬ থেকে ১৫ জুলাই অনুষ্ঠেয় মার্শে দ্যু ফিল্মের একমাত্র বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে মুভিং বাংলাদেশ।
নুহাশ হুমায়ূন এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের পর গত বছর ডিসেম্বরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’
নির্মাণের ঘোষণা দেন।
দেশে রাইড শেয়ারিং অ্যাপের যাত্রা হওয়ার গল্প নিয়ে হচ্ছে সিনেমাটি।
কীভাবে এক দল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেলল, সে গল্পই দেখানো হবে এ সিনেমায়।
গুপী বাঘা প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।
নুহাশ হুমায়ূন এর আগে যুক্ত ছিলেন দেশের একমাত্র অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’র ১১ পরিচালকের একজন হিসেবে।










