খরা কাটিয়ে বলিউডের সিনেমা নতুন করে ফিরছে। শাহরুখ খানের পাঠানই কেবল নয়, বক্স অফিস তোলপাড় করেছে সানি দেওল অভিনীত গদর টু। মুক্তির অপেক্ষায় জওয়ান। এরপর আছে সালমানের টাইগার থ্রি। এরই মধ্যে বলিউডের অন্যান্য প্রযোজকরা তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সঙ্গে থাকছে নতুন কিছু সিনেমাও। প্রযোজকদের তালিকায় আছেন সাজিদ নাদিয়াদওয়ালাও। তিনি ঘোষণা করেছেন অক্ষয় কুমার ও কার্তিক আরিয়ানকে সামনে রেখে বেশকিছু সিনেমা নির্মাণ করবেন। সিনেমাগুলোর বেশির ভাগেরই শুটিং হবে যুক্তরাজ্যে। এ শুটিং বাবদই তিনি বিনিয়োগ করবেন প্রায় ১ হাজার কোটি রুপি।
সাজিদের সিনেমার তালিকায় প্রথমেই থাকছে ‘হাউজফুল ফাইভ’। জনপ্রিয় কমেডি সিরিজটি আবার আনছেন তিনি। কেন্দ্রীয় চরিত্রে থাকবেন অক্ষয় কুমার ও রিতেশ দেশমুখ। সিনেমাটি পরিচালনা করবেন তরুণ মনসুখানি। এ সিনেমার শুটিং হবে যুক্তরাজ্যে। সিনেমার বাজেট প্রায় ৪০০ কোটি রুপি। এতটা খরচ তিনি করতেই পারেন। কারণ এর আগের চারটি সিনেমা মিলে তিনি আয় করেছেন প্রায় হাজার কোটি রুপি।
কার্তিক আরিয়ানকে নিয়ে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের ব্যানারে নির্মিত হবে ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। কিছুদিন আগে এর একটা অংশের শুটিং শেষ হয়েছে। সাজিদের পরিকল্পনা দীর্ঘমেয়াদি। তিনি সৌদির সঙ্গেও কাজ করতে চাইছেন। এর আগে টাইগার শ্রফের ‘বাগি’র শুটিং হয়েছিল সৌদিতে।
সাজিদ নাদিয়াদওয়ালা তার সিনেমা ও প্রযোজনা নিয়ে বলেন, ‘আমি সিনেমার ক্ষেত্রে সবসময়ই চেয়েছি দর্শককে সেরাটা উপহার দিতে। সেজন্য যেখানে শুটিং হয়, তাদের সঙ্গে সম্পর্কটাও গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমরা যুক্তরাজ্য ও সৌদির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছি। আমরা আমাদের প্রতিজ্ঞার ব্যাপারে সচেতন। সেখান থেকেই আবার নিশ্চিত করছি দর্শক হাইজফুল ফাইভ দেখে হাসবে, চান্দু চ্যাম্পিয়ন দেখে অনুপ্রেরণা পাবে এবং বাগি তাদের মুগ্ধ করবে।’ সাজিদ নাদিয়াদওয়ালা এ কথা বলতেই পারেন। কেননা বলিউডে তিনি বেশকিছু দর্শক পছন্দের সিনেমা উপহার দিয়েছেন। তার পুরো পরিবারই সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত।
সূত্র: ভ্যারাইটি










