পোনিয়িন সেলভান নিয়ে এখন দর্শকের আগ্রহ তুঙ্গে। মাসের শেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মহাকাব্যিক উপন্যাস থেকে মহাকাব্যিক একটি সিনেমা হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। সিনেমাটির ট্রেলার দেখেই মনে হচ্ছে বেশ বড় বাজেট ও ক্যানভাসে চোল সাম্রাজ্যকে আনছেন মণি রত্নম। এ কারণেই অনেকে এটিকে তামিল গেম অব থ্রোনস বলতে চাচ্ছেন। কিন্তু মণি রত্নম এ বিষয়ে দ্বিমত পোষণ করেন।

সম্প্রতি একটি সাক্ষাত্কারে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি একটু মজা করেই উত্তর দেন। মণি বলেন, ‘আমার মনে হয় না, পোনিয়িন সেলভান তামিল গেম অব থ্রোনস। বরং গেম অব থ্রোনসকে বলা যায় ইংরেজি পোনিয়িন সেলভান।’ অবশ্য মণি রত্নমকে প্রশ্ন করা হোক বা তিনি যা-ই উত্তর দেন, চোল সাম্রাজ্যের এ ক্ষমতার দ্বন্দ্বের সঙ্গে গেম অব থ্রোনসের মিল অবশ্যই থাকতে পারে কিন্তু অমিলও অনেক থাকবে। গল্পের ক্ষেত্রে এটিই স্বাভাবিক বিষয়।

পোনিয়িন সেলভান মূলত কল্কি কৃষ্ণমূর্তির পাঁচ পর্বের উপন্যাস। এ উপন্যাসের ব্যাপ্তি প্রায় ২ হাজার ২০০ পৃষ্ঠা। বিস্তৃত পট ও সাবপ্লটের সমাহারের এ উপন্যাস থেকে চমত্কার সিনেমা বা সিরিজ নির্মাণ করা যায় তা সবাই জানেন। মণি রত্নম বলেন, ‘উপন্যাসের যে ব্যাপ্তি তাতে পাঁচ-দশটি সিনেমা অনায়াসে নির্মাণ করা যায়। কিন্তু বাজেট তো সে সুযোগ দেয় না। দুটো সিনেমা দিয়েই শেষ করতে হচ্ছে।’

একটি কৌতূহলোদ্দীপক তথ্য হলো দ্বিতীয় পর্বের শুটিং তিনি এর মধ্যেই শেষ করে ফেলেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রথম পর্ব নিয়ে দর্শকের প্রতিক্রিয়া দেখার আগেই কেন দ্বিতীয়টি শুট করলেন। তিনি বলেন, ‘মাঝখানে বিরতি দিয়ে সবকিছু নতুন করে শুরু করা একটা অসম্ভব বিষয়। আমরা একে দুটো সিনেমা হিসেবে দেখিনি, একটা গল্প হিসেবে দেখেছি। ৬ ঘণ্টা ব্যাপ্তির একটি সিনেমা হিসেবে একত্রে শুট করার ব্যাপারটা খুব কঠিন ছিল না।’

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস