গায়িকা টেইলর সুইফটের এরাস ট্যুর থেকে নির্মাণ হয়েছে সিনেমা। এবার হয়ে গেল সে সিনেমার প্রিমিয়ার। লস অ্যাঞ্জেলেসে বুধবার এএমসি থিয়েটারের বাইরে এ আয়োজন হয়। আয়োজনে উপস্থিত ছিলেন আরেক তারকা-গায়িকা বিয়ন্সে। এ বছর তার ট্যুর থেকে নির্মিত সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে। দুই তারকার এ পদক্ষেপ হলিউড বক্স অফিসের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
মূলত ওপেনহাইমার ও বারবির পর হলিউডের বড় কোনো সিনেমা মুক্তি পায়নি। সামার সিজনের পর একরকম খরা যাচ্ছে হলিউডে। সেখানে টেইলরের ট্যুর ফিল্মটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি করেছে ১০ কোটি ডলারের। ধারণা করা হচ্ছে, এটি প্রথম সপ্তাহে ২০ কোটি ডলার আয় করবে। বাণিজ্যিক ও মূল ধারার সিনেমার বাইরে এমন কোনো সিনেমা সাধারণত ওপেনিংয়ে কোটি ডলার আয় করতে পারে না। সেখানে টেইলরের সিনেমা ২০ কোটি ডলারের আশা দেখানোর বিষয়টি ইতিবাচক।
সে কারণেই টেইলরের এরাস ট্যুর ফিল্ম নিয়ে আগ্রহী ছিলেন অনেকে। সিনেমাটির বিপণন করতে চেয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু টেইলর নিজ থেকে এ দায়িত্ব দিয়েছেন এএমসি থিয়েটারকে। এএমসি তাদের নিজেদের চেইন থিয়েটারের পাশাপাশি সিনেমার্ক ও রিগ্যালের চেইনেও এটি মুক্তি দেবে।
টেইলরের এ সিনেমার মুক্তিকে কেন্দ্র করে এএমসি থিয়েটারের বাইরে জমায়েত হয়েছিলেন বহু তারকা। এর মধ্যে বিয়ন্সে অন্যতম। এ বছর থ্যাংকসগিভিংয়ে আসছে তার ট্যুর ফিল্ম। বিয়ন্সের এ ট্যুর ফিল্মও বিপণন করবে এএমসি থিয়েটার। বিয়ন্সের রেনেসাঁ ট্যুর নিয়েও দর্শকদের তুমুল আগ্রহ আছে। পাশাপাশি এর মাধ্যমে নতুন করে হলো ট্যুর ফিল্মের যাত্রা। এএমসি থিয়েটারের সামনে এরাস ট্যুর ফিল্মের প্রিমিয়ারে দুই শিল্পীকে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে। তাদের যৌথ ছবি নিয়ে বেশ আলোচনাও হচ্ছে গণমাধ্যমে।
প্রিমিয়ারে আরো উপস্থিত ছিলেন তথ্যচিত্র নির্মাতা স্যাম রেঞ্চ, ম্যারেন মরিস, মারিসকা হারগিটে, সিমু লিউ ও অ্যালিসন সু, জেনিফার মেয়ার, মলি সিমস, বেকা টিলিম বেক কারসুও, কেটি কনওয়েসহ আরো অনেকে।
সূত্র: ভ্যারাইটি










