আজ প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর জন্মদিন। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর তিনি নেত্রকোনা জেলার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ২৪ নভেম্বর মারা যান। তিনি অল্প বয়স থেকেই গান ও বাঁশি বাজানো শেখা শুরু করেন। বারী সিদ্দিকী বাঁশি বাজানোর পাশাপাশি কণ্ঠের জাদুতেও মুগ্ধ করেছেন শ্রোতাদের। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানের জন্য পরিচিত ছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘পুবালী বাতাসে’, ‘আমি একটা জিন্দা লাশ’ ও ‘রজনী’ অন্যতম।

বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ কর্তৃক ১৭ নভেম্বর, ২০২৫ বিকাল ৫টায়, কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে প্রয়াত শিল্পীর ৭১তম জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি ফিরোজ হায়দার খান। উদ্বোধন করবেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী। বিশেষ অতিথি থাকবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আরফাতুর রহমান আপেল, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল আলম, ইঞ্জিনিয়ার মনির হোসেন খানসহ আরো অনেকে। সভাপতিত্ব করবেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, আশরাফ উদাস, মুজিব পরদেশী, ক্লোজ আপ ওয়ান তারকা নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, মনির বাউল, রাজু মন্ডল, পারভেজ খান, মুনিয়া মুন, গামছা পলাশ, শবনম মোস্তারী প্রিয়াঙ্কা, তামান্না হক ও প্রিন্স আলমগীরসহ আরো অনেকে।