নাটকের নিয়মিত মুখ মোশাররফ করিম। সিনেমায়ও দেখা মেলে এ তারকার। মোশাররফ করিম অভিনীত সব সিনেমাই আলোচিত। এবার ফের সিনেমায় নাম লেখালেন এ জনপ্রিয় অভিনেতা। মোশাররফ করিমকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন মুক্তা। এবার ‘কাঠবিড়ালী’-খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তার সিনেমায় দেখা যাবে মোশাররফ করিমকে। সিনেমার নাম ‘বৈদ্য’। এতে বৈদ্য চরিত্রে অভিনয় করবেন তিনি ।

২০১৯ সালে ‘কাঠবিড়ালী’ সিনেমা পরিচালনা শুরু করেন নিয়ামুল। এরপর নির্মাণ করেছেন নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘রক্তজবা’। সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায়। তৃতীয় সিনেমা নিয়ে বলতে গিয়ে নির্মাতা নিয়ামুল মুক্তা বলেন, ‘আমি সাধারণত সিনেমা নির্মাণ করার পর সবাইকে জানাই। কিন্তু এবার মোশাররফ করিম ভাইয়ের জন্মদিন উপলক্ষে আবেগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। বৈদ্য সিনেমাটি নিয়ে আমাদের চুক্তির ছয় মাস কেটে গিয়েছে। এটি থ্রিলার জনরার গল্প। সিনেমার দৃশ্যধারণ শুরু হবে নভেম্বর ডিসেম্বরের দিকে।’

নিয়ামুল মুক্তা আরো বলেন, ‘মোশাররফ করিম দেশে ফিরলেই বৈদ্যর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এর সঙ্গে জানানো হবে এ সিনেমার অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর নাম। একটা সময় ছিল যখন দেশের গ্রামাঞ্চলে মানুষ চিকিৎসা নিত বৈদ্যদের থেকে। তবে আধুনিক চিকিৎসার প্রসারের সঙ্গে তাদের গুরুত্ব কমে গিয়েছে। এ সিনেমায় দেখা যাবে বিশ্বস্ত বৈদ্য হিসেবে দশ গ্রামে পরিচিতি রয়েছে মোশাররফ করিমের।’

বর্তমানে স্ত্রী রোবেনা রেজা জুঁই ও একমাত্র সন্তান রায়ানকে নিয়ে মালয়েশিয়ায় আছেন মোশাররফ করিম। সোমবার ছিল এ অভিনেতার জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। এর সঙ্গে দিয়েছেন নতুন সিনেমার ঘোষণা।