হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে তিন চাকার যান ‘মাহেন্দ্র’ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে এর চালক আব্দুস সামাদ মোড়ল (৪৭) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা হারুনার-রশিদ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের চোকারকান্দা গ্রামের আছির উদ্দীন মোড়লের পুত্র।

পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী অহিদ মোর্শেদ জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগর বাজার এলাকা দিয়ে সাতক্ষীরার দিকে মাহেন্দ্র চালিয়ে আসছিলেন সামাদ মোড়ল। এসময় চুকনগর হাইওয়ে পুলিশ মাহেন্দ্র চালককে থামার জন্য সিগনাল দেয়।

এসময় মহেন্দ্র চালক আব্দুস সামাদ মোড়ল পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে হাইওয়ে পুলিশও তাকে ধাওয়া করলে দ্রুত গতিতে চালিয়ে পাটকেলঘাটা হারুনার-রশিদ ডিগ্রী কলেজের সামনে এসে মাহেন্দ্রের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার পাটকেলঘাটা থানায় নিয়ে এসেছে। তবে এব্যাপারে চুকনগর হাইওয়ে পুলিশ তদন্ত করবেন বলে জানান ওসি কাজি অহিদ মোর্শেদ।