চট্টগ্রাম বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভা আয়োজন করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমুদ্রবন্দর, যার মাধ্যমে দেশের আমদানি-রফতানি বাণিজ্যের একটি বৃহৎ অংশ সম্পন্ন হয়। দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ও জাতীয় অর্থনীতিতে এ বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন জলসীমায় দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ছিঁচকে চুরি, চোরাচালান ও বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে কোস্টগার্ড পূর্ব জোন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর বেলা ১১টায় কোস্টগার্ড পূর্ব জোনের উদ্যোগে চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা জোরদার, অপরাধ প্রতিরোধ, অবৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় বন্ধ এবং সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা নিশ্চিতকরণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ৪২টি শিপিং এজেন্ট কোম্পানি, কাফকো, সিইউএফএল, পিসিটি, আরএসজিটি, বিএসএএ-সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। —বিজ্ঞপ্তি