সিলেট বিভাগের চার উপজেলার দুই উপজেলা পরিষদ, এক পৌরসভা ও চার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। সবকটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। আজ বেলা ১১টা পর্যন্ত বিভাগের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

সকাল ৮টায় ওসমানীনগর উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, গোয়াইনঘাটের দুটি ইউনিয়ন পরিষদ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিশ্বনাথ পৌরসভা : এটি এই পৌরসভার প্রথম নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার ৩৫ হাজার ৪৭০ জন। তার মধ্যে পুরুষ ১৮ হাজার ২৭৯ ও মহিলা ১৭ হাজার ১৯১ জন। এখানে মোট ভোট কেন্দ্র ২০টি।

ওসমানীনগর উপজেলা পরিষদ: সকাল থেকে ৫৪টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এই উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৭১ জন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জগন্নাথপুর উপজেলা পরিষদ: এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন।

গোয়াইনঘাট ৪ ইউনিয়ন পরিষদ:  উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন, ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন থেকে ৫ জন, ১১ নম্বর জাফলং ইউনিয়ন থেকে ৫ জন এবং ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়ন থেকে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থী রয়েছেন।

সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা পারভীন আক্তার নামের এক নারী বলেন, অনেক দিন পর ভোট হচ্ছে। এ জন্য সকাল সকাল ভোট দিতে এসেছি।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। পর্যাপ্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।

সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ জানান, ভোটগ্রহণকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোথাও অনিয়ম বা বিশৃংখলার খবর পাওয়া যায়নি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।