লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ৯ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সোনাপুর সড়কের পাটবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও দুটি ব্যবসা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী ও কয়েকজন ব্যবসায়ী জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পাট বাজারে মৃত্যুঞ্জয় কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে  আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি জুতার দোকান, একটি হোটেল, চারটি কামারের দোকান, একটি জুয়েলারি ও পার্শ্ববর্তী ডিজিটাল মডার্ন ডায়াগনস্টিক সেন্টারও আগুনে পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে কিছুক্ষণ পরে রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রামগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখনো ক্ষতির পরিমাণ জানা যায়নি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় উত্সুক মানুষ আগুন নিয়ন্ত্রণে বাধা হয়ে দেখা দেয়। তাই ফায়ার সার্ভিস স্টেশনের লোকদের কাজ করতেও বেগ পেতে হয়েছে। পুলিশ সদস্যরা যানজট নিরসন ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার জন্য বলা হয়েছে। উপজেলা প্রশাসন চেষ্টা করবে আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসতে।