সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের শ্রীপুর এলাকায় ট্রলার ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সাতক্ষীরা ও খুলনার ১৩ জন উদ্ধারকর্মী নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেন। তবে বিকাল পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শ্রমিকরা হলেন আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বাবর আলী সরদার (৪৫), শফিকুল ইসলাম (৪৮) ও পুইজালা গ্রামের আব্দুল আজিজ (৫২)।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, গতকাল সকাল ৬টার দিকে কপোতাক্ষ নদীর শ্রীউলা ঘাট থেকে ১২ জন শ্রমিক একটি ট্রলারে করে কুড়িকাউনিয়া এলাকায় নদীর বেড়িবাঁধ মেরামতের জন্য যাচ্ছিলেন। এক পর্যায়ে ট্রলারটি শ্রীপুর এলাকায় পৌঁছলে তীব্র স্রোতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে নয়জন সাঁতার কেটে তীরে আসতে পারলেও অন্য তিন শ্রমিক স্রোতের তোড়ে নিখোঁজ হন।

তিনি বলেন, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্যরা চেষ্টা চালাচ্ছেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সাতক্ষীরা ও খুলনা ফায়ার সার্ভিসের ১৩ জন উদ্ধারকর্মী একযোগে অভিযান চালাচ্ছে। বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা যায়নি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনির প্রতাবনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া এলাকায় বেড়িবাঁধ মেরামতের কাজ করার জন্য শ্রমিকরা সেখানে যাচ্ছিলেন।