যশোরের নওয়াপাড়া নৌবন্দরে নোঙর করা দুটি লাইটার জাহাজ থেকে লুট করা ৮০ টন ডিএপি সার উদ্ধার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ও গতকাল পাঁচ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলন ডেকে এ তথ্য জানিয়েছেন ডিবির ওসি রূপম কুমার সরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সরকারের ভর্তুকি দেয়া ডিএপি সার আমদানির দরপত্র পায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি চীন থেকে ১ হাজার ৩০০ টন ডিএপি সার আমদানি করে। মোংলা বন্দরে সার খালাসের পর তা দুটি লাইটার জাহাজের মাধ্যমে যশোর নওয়াপাড়া নৌবন্দরে আনা হয়। এর মধ্যে গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে বন্দরে নোঙর করা লাইটার জাহাজ থেকে কর্মীদের সহায়তায় ১২০ টন সার চুরি করা হয়। এ ঘটনায় পরের দিন আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভয়নগর থানায় মামলা হয়েছে।

ডিবির ওসি রূপম কুমার সরকার জানান, ঘটনাটি তদন্ত শুরু করে ডিবি পুলিশ। এরপর দুদিনে যশোরের নওয়াপাড়া, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ ও ঝিনাইদহে অভিযান চালিয়ে চুরি হওয়া ১২০ টন সারের মধ্যে ৮০ টন উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।