বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির
ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী এ কথা
বলেন।
রাহুল গান্ধীর বক্তব্যের ভিডিও তার দল কংগ্রেসের ফেসবুক পেজ ও এক্স
পেজে পোস্ট করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের
পুরনো সম্পর্ক রয়েছে। আমার দাদী বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে।
সে উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে।
রাহুল গান্ধী বলেন, তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের পরিস্থিতি
স্থিতিশীল হবে। একই সঙ্গে আমরা বর্তমান সরকার অথবা ভবিষ্যতে যেকোনো সরকারের সঙ্গে সম্পর্ক
বজায় রাখতে সক্ষম হব।
কংগ্রেস নেতা বলেন, আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে
কথা বলেছেন। আমরা চাই যেকোনো ধরনের সহিংসতা দ্রুত বন্ধ হোক। সহিংসতার অবসান ঘটানো বাংলাদেশ
সরকারের দায়িত্ব।
রাহুল গান্ধী বলেন, আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব হলো
সহিংসতা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা।










