কক্সবাজার সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঝিলংজার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

নিহত আঁখি মনির শাশুড়ি জানান, রাত ২টার দিকে ভারি বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে তারা গিয়ে দেখেন স্ব পরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে মাটি দুর্বল হয়ে যায়। পরে মধ্যরাতে পাহাড় ধসে তার বাড়ির ওপর পড়ে।