ভোটার হওয়ার বয়স ১৬ বছর ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর নির্ধারণের প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে কোনো ব্যক্তি বা দল যাতে দেশের পুরো শাসনব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে দলটি।
আজ মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এনসিপির নেতারা।
শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাবনা হস্তান্তর করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
এ সময় সেখানে ছিলেন কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অন্যদিকে এনসিপির পক্ষে ছিলেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও জাবেদ রাসিন।
বিকালে বৈঠক শেষে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিশ্বের অনেক দেশ তাদের তরুণদের ১৬ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নিচ্ছে। আমরা দেখতে পাই, তরুণ প্রজন্মের কাছে যে পরিমাণ তথ্য থাকে, তাতে এই বয়সে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম।’
তিনি বলেন, ‘আমরা সংস্কারকে কোনো বায়বীয় অবস্থায় ফেলে রাখতে চাই না। যেকোনো সময়ই নির্বাচন হতে পারে। তবে তার আগে মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।’
এনসিপির সদস্যসচিব জানান, বৈঠকে তথ্যপ্রাপ্তিকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর ও পুলিশ সংস্কার নিয়ে এনসিপি ঐকমত্য কমিশনের কাছে লিখিত বক্তব্য উপস্থাপন করবে বলে তিনি জানান।










