সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেই ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করব, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না।’
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও প্রাসঙ্গিক বিষয়ে সভাশেষে সাংবাদিকদের ব্রিফিং করেন উপদেষ্টা।
দুর্গাপূজা উপলক্ষে সব নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ৯-১৩ অক্টোবর সারা দেশে দুর্গাপূজা উদযাপিত হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে যেন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তাছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যাতে সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারে, সেজন্য অসচ্ছল মন্দিরগুলোর অনুকূলে এবার প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ দ্বিগুণ করে ৪ কোটি টাকা করা হয়েছে।’










