নারায়ণগঞ্জের রূপগঞ্জে লবণ বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার উপজেলা এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাশে ব্রাহ্মণখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করা হয়।  র‌্যাব-১ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর থানার ঈদগাহ বাদীতলা এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে নাসিরউদ্দিন, একই থানার ঈদগাহ দরগাহ এলাকার আব্দুর রশিদের ছেলে মহিউদ্দিন ও মিয়াজীপাড়া এলাকার নজরুলের ছেলে সাগর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার রাতে কক্সবাজার থেকে লবণ বোঝাই একটি ট্রাক বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) দিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে খবর পায় র‌্যাব। এরপর র‌্যাব-১ এর একটি দল শনিবার সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাশে ভূইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সংলগ্ন স্থানে একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট দেখে লবণ বোঝাই ট্রাকটি (চট্রো মেট্রো- ঠ-১১-৪৩৬২) দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ট্রাকটির গতিরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২৬০ বস্তা লবণসহ মাদক পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর আগে বেশ কয়েকবার কক্সবাজার থেকে লবণসহ বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদদের চালান রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।