সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল থেকে ২৩ দিন বয়সী শিশু মাহিমকে চুরির ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সকালে শিশুটির বাবা চয়ন ইসলাম বাদী হয়ে সদর থানায় মানব পাচারের মামলা করেন। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি হওয়া শিশুটিকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। শিশুটি জেলার উল্লাপাড়া জেলার ভাদালিয়াকান্দি গ্রামের চয়ন ইসলাম ও শারমিন আক্তার দম্পতির সন্তান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী খবরটি নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা চয়ন ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন। শিশুটির মা অসুস্থ হয়ে পড়ায় তাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার জানান, হাসপাতালের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ এখনো শিশুটিকে উদ্ধার করতে পারেনি। তবে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে হাসপাতালটির শিশু বিভাগ থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। নবজাতকটিকে চিকিৎসার জন্য হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছিল। ওইদিন দুপুরে হাসপাতালের শিশু বিভাগে কোনো এক নারীর কাছে নবজাতকটিকে রেখে তার মা কাপড় শুকাতে হাসপাতালের ছাদে গেলে ওই নারী নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায়।