কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ বিহারে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২ টা ৬ মিনিটে এক ব্যক্তি মন্দিরের ভেতর প্রবেশ করছে। এরপর ২টা ৮মিনিটে সে একই ব্যক্তিকে মন্দিরের ভেতর থেকে দৌঁড়ে বাইরে বের হয়ে যেতে দেখা যায়।
ঘটনার পরপর রামু উসাইচেন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন জেলা প্রশাসক, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা।
রামু ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রাত একটা ৪৫ মিনিটে আমাদের কাছে ঈঁদগড় বাজারে আগুন লাগার একটি টেলিফোন আসে। সে খবর পেয়ে আমরা ঈঁদগড় বাজারে পৌঁছাই। কিন্তু বাজারে গিয়ে দেখি আগুনের ঘটনা ঘটেনি, খবরটি মিথ্যা ছিল। তখনই আবার রামু বড় ক্যাং বৌদ্ধ বিহারে আগুন লাগার খবরে আমরা সেখানে ছুটে যাই।
ঘটনার বিষয়ে বৌদ্ধ ধর্মীয় নেতা অর্পণ বড়ুয়া বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গেছে এক দুর্বৃত্তকে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।










