ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা শরীফুল ইসলাম ভূঁইয়াকে জিহ্বা কেটে হত্যাচেষ্টায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গতকাল মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

তারা হলেন বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫) ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।

র‌্যাব জানায়, মাহফিলে শরীফুল ইসলামের দেয়া বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই ক্ষিপ্ত হয়ে জিহ্বা কেটে দেয় বলে স্বীকারোক্তি দিয়েছেন তারা। 

আজ বুধবার (৮ মার্চ) দুপুরে শহরের পৈরতলা এলাকায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক।

তিনি বলেন, গত ৫ মার্চ শরীফুল ইসলাম ভূঁইয়া বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরিফের মাহফিল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়ার রামধননগর এলাকার রেলক্রসিং উত্তর পাশে আসামিরা তাকে ধরে জিহ্বা কেটে দেয়। 

এরপর আহত বক্তার চাচা বাদী হয়ে আখাউড়ায় থানায় মামলা দায়ের করেন। র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামীদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে ৬ মার্চ সকালে একই মামলায় একজনকে গ্রেফতার করার কথা জানান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।