সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে প্রাণ হারিয়েছেন অপু পাল নামের এক এনজিও কর্মী। এ সময় তার ছোট ভাইও গুরুতর আহত হন। গতকাল ভোর রাতে উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু পাল গ্রামের ডা. নকুল পালের ছেলে। অপু আশা নামক এনজিওতে কর্মরত ছিলেন। টিলা ধসের সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন।
পরিবারের বরাত দিয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ জানান, নিহত অপু পালের বসতঘরের পাশেই পাহাড়ি টিলা রয়েছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে গতকাল ভোররাতে টিলা ধসে পড়ে। এতে ঘরের দেয়াল ভেঙে মাটিচাপা পড়েন ঘুমিয়ে থাকা অপু ও তার ছোট ভাই। তাত্ক্ষণিক তাদের উদ্ধার করা হলেও অপু ঘটনাস্থলেই মারা যান। অপু পালের ছোট ভাই বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।










