যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষায় আজকের বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল বিকালে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ-সংক্রান্ত একটি আদেশ ১০
জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
রুটিন অনুযায়ী আজ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের কারণে তা স্থগিতের কথা জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। তবে রুটিন অনুযায়ী আজ বাংলা দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দীঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল। পরীক্ষা নিয়ে কোনো বির্তক সৃষ্টি যাতে না হয়, সে কারণেই এ সিন্ধান্ত। আন্তঃশিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, প্রশ্নপত্র এমন ত্রুটিতে কেন্দ্র সচিব বা কেন্দ্রসংশ্লিষ্টদের কোনো ভূমিকা দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত করা হয়েছে, সেখান থেকে এ সমস্যা সৃষ্টি হয়েছে। তার পরও বোর্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করবে।










