সিলেটে বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নেয়া হয়েছে। গতকাল সকালে এ মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। হাতে ‘অ, আ, ক, খ’সহ বিভিন্ন বাংলা বর্ণমালা আর বাংলা ভাষার স্লোগানসংবলিত প্লাকার্ড নিয়ে  মিছিলে অংশ নেয় নানা শ্রেণী-পেশার মানুষ। সকাল ১০টায় সিলেটের জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বর্ণমালার মিছিলটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা ভাষা আন্দোলনের প্রেরণার বিভিন্ন গানের সমন্বয়ে দলীয় নৃত্য পরিবেশন করেন। এতে অংশ নেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। এর আগে জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণমালার মিছিলের আনুষ্ঠানিক সূচনা করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম প্রমুখ।

বর্ণমালার মিছিল সম্পর্কে আয়োজক সংগঠন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু বলেন, ভাষা আন্দোলন আমাদের সব আন্দোলন সংগ্রামের মূল প্রেরণা। তাই বর্তমান প্রজন্মকে আমাদের গৌরবের এ ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করতে তাদের মাঝে ভাষা আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে সাত বছর ধরে সম্মিলিত নাট্য পরিষদ এ আয়োজন করে থাকে। বাংলাদেশের মধ্যে প্রথম সিলেট থেকেই আমরা এ আয়োজন শুরু করেছি। আমরা চাই সারা দেশে এ আয়োজন ছড়িয়ে পড়ুক। তরুণ প্রজন্ম ভাষা আন্দোলনের আদর্শে উজ্জীবিত হোক।