নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার নয় বছর উপলক্ষে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গতকাল সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় সিরাজ শাহর আস্তানায় ত্বকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক মহসিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সুফিয়ান, গণসংহতি আন্দোনের জেলা সমন্বয়ক তরিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নয় বছরেও ত্বকী হত্যার বিচার না হওয়া দুঃখজনক। দেশে অনেক আলোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সেগুলোর বিচারও হয়েছে। সেই ধারাবাহিকতায় সরকারের কাছে দাবি জানাচ্ছি, ত্বকী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হোক। একটি প্রভাবশালী পরিবার জড়িত থাকায় হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না বলে মনে করে নারায়ণগঞ্জের মানুষ।










